টিপিপিতে ঢাকার অংশগ্রহণ প্রত্যাশা করে ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (টিপিপি) ঢাকার অংশগ্রহণ প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তিটিতে যুক্ত হতে হলে শ্রমিকস্বার্থ সুরক্ষা, পরিবেশ সুরক্ষাসহ সংশ্লিষ্ট উদ্বেগগুলো দূর করতে হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শনিবার রাজধানীতে এক সেমিনারে এ অভিমত দিয়েছেন। তিনি এদিন সকালে ব্র্যাক সেন্টার ইনে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক ও বঙ্গোপসাগরের নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি আতাউর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক সাদেক খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিম মাহমুদ।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি আশা করব, বাংলাদেশ টিপিপিতে যুক্ত হতে চাইবে, যা বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে টিপিপিতে যুক্ত হতে চাইলে শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা, পরিবেশ সুরক্ষারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে উদ্বেগ দূর করতে হবে।’