টিপিপিতে যুক্ত হতে বাংলাদেশকে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে: মজীনা

বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে মুক্তবাণিজ্য চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (টিপিপি) ঢাকার অংশগ্রহণ প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে প্রস্তাবিত চুক্তিটিতে যুক্ত হতে হলে শ্রমিক স্বার্থ সুরক্ষা, পরিবেশ সুরক্ষাসহ সংশ্লিষ্ট উদ্বেগগুলো দূর করতে হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আজ শনিবার রাজধানীতে এক সেমিনারে এ অভিমত দিয়েছেন। সকালে ব্র্যাক সেন্টার ইনে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক ও বঙ্গোপসাগরের নিরাপত্তা’ শীর্ষক ওই সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মজীনা।
সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি আতাউর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক সাদেক খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিম মাহমুদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড্যান মজীনা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘটনাপ্রবাহ যুক্তরাষ্ট্রের আগামী দিনের সমৃদ্ধি ও নিরাপত্তাকে প্রভাবিত করবে। তাই দ্রুত বিকাশমান অর্থনীতি ও বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর এ অঞ্চল কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমশ চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করছে।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক সংকট এড়াতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। কোন পন্থাটি বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করবে, সেটি ঠিক করবে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্র কোনো মতামত দেবে না।
মজীনা বলেন, প্রস্তাবিত মুক্তবাণিজ্য চুক্তি টিপিপির মাধ্যমে এশিয়া-প্রশান্ত অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সমন্বয় জোরদার করবে। বর্তমানে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনেই, চিলি, কানাডা, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম যুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র চায় এ অঞ্চলের সব দেশ এ প্রক্রিয়ায় যুক্ত হোক।
এ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রসঙ্গে মজীনা বলেন, তিনি আশা করেন বাংলাদেশ টিপিপিতে যুক্ত হতে চাইবে, যা বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে টিপিপিতে যুক্ত হতে চাইলে শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা, পরিবেশ সুরক্ষাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে উদ্বেগ দূর করতে হবে।
মূল প্রবন্ধে আতাউর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারির লক্ষ্য হওয়া উচিত স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নের জন্য সহযোগিতা বাড়ানো। তবে এ অংশীদারি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ অঞ্চলের অন্য শক্তিগুলোকে আস্থায় নিতে হবে। একই সঙ্গে ইতিবাচক নীতি প্রণয়ন ও পদক্ষেপের মধ্য দিয়ে এর প্রতিফলন ঘটাতে হবে।