
যুবলীগের নেতা রিয়াজুল হক খান ওরফে মিল্কি হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপুকে আজ বুধবার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে র্যাব।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ২৫ আগস্ট আসামির উপস্থিতিতে রিমান্ড-বিষয়ক শুনানির তারিখ ধার্য করেছেন। এর আগে আজ সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টিপু। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।
টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
টিপুর আইনজীবী গাজী জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, টিপু ৭ জুলাই এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
গত বছরের ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বিপণিকেন্দ্র ‘শপার্স ওয়ার্ল্ডে’র সামনে যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। মিল্কি ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।