টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে কেবল পানি। নিরাপদ আশ্রয় খুঁজে ফিরছে মানুষজন। কারও হাতে কাজ নেই। ঘরে নেই খাবার। মানুষের এই কষ্ট সইতে পারেনি কিছু কিশোর-তরুণ, কিন্তু কী বা করার আছে তাদের। সবে স্কুল-কলেজে পড়ালেখা করছে। অর্থসামর্থ্য নেই। তাই বলে কি চুপ করে বসে থাকা যায়? গত জুনে বন্যার সময় এমন কষ্ট নিয়েই দিন কাটতে থাকে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার এলাকার ১০ তরুণের। সহপাঠীসহ আরও ১০-১১ জনকে যুক্ত করে সিদ্ধান্ত হয়, কিছু একটা করতেই হবে। মানুষের পাশে দাঁড়ানোর সাধ থাকলেও সাধ্যের পথ খুঁজে পাচ্ছিল না কিশোর ও যুবকদের এই দলটি। সমন্বিত চিন্তায় ২১ জন মিলে গঠন করল একটি সংগঠন। নাম দেওয়া হলো গোয়ালাবাজার আদর্শ তরুণ সংঘ।উপায় না দেখে অবশেষে প্রতিদিন পরিবার থেকে দেওয়া স্কুল-কলেজে যাতায়াত, টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে জমাতে শুরু করল তারা। রিকশায় বা গাড়িতে না গিয়ে, দুপুরে অল্প কিছু খেয়ে দশ-বিশ-পঞ্চাশ টাকা করে জমা হতে লাগল। ২১ দিনের মধ্যে জমা হয়ে গেল চার হাজার ৫৬০ টাকা।এই টাকা দিয়েই কেনা হলো ২০০ কেজি চাল। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তৈরি করা হলো বন্যার্ত দরিদ্র অসহায় ৬৬ জনের নামের তালিকা। গত শুক্রবার বিকেলে এই ৬৬ জনের হাতে তিন কেজি করে চাল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিল এই সংগঠনের সদস্যরা। জায়ফরপুর গ্রামের দরিদ্র আবদুল বারিক চাল পেয়ে বলেন, ‘ইলাখান পুয়াইন হকল গরো অউক।’ গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সংঘের সদস্য জাফর মিয়া বলে, ‘বন্যার্ত মানুষদের দুঃখ দেখে খুব কষ্ট পেয়েছিলাম। কিছু চাল দিয়েছি, আমাদের তো বড় কিছু করার সামর্থ্য নেই।’সিলেট সায়েন্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও সংঘের সদস্য মিজানুর রহমান বলে, ‘মানুষের দুঃখ-কষ্ট দেখে মনটা খারাপ হয়ে যায়। মানুষের পাশে দাঁড়াতে পেরে কিছুটা হলেও শান্তি লাগছে।’গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ বলেন, ‘মানুষ মানুষের জন্য—এ কথাটাই প্রমাণ করল এই তরুণেরা। সব শিক্ষার্থীর মধ্যে এরকম মানবিক মূল্যবোধ জাগ্রত করে তোলা উচিত।’