টিফিন খেয়ে শতাধিক ছাত্রী অসুস্থ, বেকারি সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার সকালে শহরের একটি বেকারি থেকে সরবরাহ করা টিফিনের কেক খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হওয়া ৪১ শিক্ষার্থীর চিকিৎসা চলছে। অন্য ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কেক তৈরি করায় ওই বেকারিকে জরিমানা করে সিলগালা করে দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেলিফোনে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কাজী আতিয়ুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে টিফিন হিসেবে কেক সরবরাহ করা হয়। কেক খাওয়ার পরই শিক্ষার্থীরা বমি করতে থাকে। অনেকে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় বিদ্যালয়ে থাকা অভিভাবকেরা শিক্ষকদের কাছে ঘটনার ব্যাখ্যা চাইলে প্রধান শিক্ষকসহ অন্যরা বিদ্যালয় থেকে চলে যান। পরে অভিভাবকেরা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শতাধিক শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠলে অভিভাবকেরা তাদের বাড়ি নিয়ে যান। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৪১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিল। ফারজানা ইয়াসমিন নামের অসুস্থ এক শিক্ষার্থী জানায়, কেক খাওয়ার আধা ঘণ্টার মধ্যে পেটব্যথা শুরু হয়। এর পর বমি হতে থাকে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ‘কেকের বিষক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেক পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বমি করার প্রবণতা বেশি ছিল। আমরা ৪১ জনকে নিবিড় পরিচর্যায় রেখেছি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকার বলেন, ‘স্থানীয় বেনু বেকারি থেকে সকালে টিফিনের কেক সংগ্রহ করা হয়েছিল। কেক খাওয়ার পর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।’ ঘটনার পর বিদ্যালয় থেকে শিক্ষকদের চলে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেক পরীক্ষা করে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার আগে আমরা শিশুদের চিকিৎসার বিষয়টি নজরদারি করছি।’
বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেনু বেকারিতে অভিযান চালান। এ সময় কেক তৈরির জন্য বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা সিলগালা করে দেওয়া হয়। তবে বেকারির মালিক খবর পেয়ে পালিয়ে যান।