টিফিন ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টিফিন ভাতা বৃদ্ধি, দুপুরের খাবার বাবদ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর নিউ ইস্কাটন রোডের নাদিয়া কমপ্লেক্স ভবনের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে মালিকপক্ষ দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকেরা। সাততলার ওই ভবনে এনভয় গ্রুপের মালিকাধীন নাদিয়া, এস্ট্রাস ও রিগ্যাল নামে তিনটি পোশাক কারখানায় এক হাজারের অধিক শ্রমিক আছেন। এগুলোর মালিক হচ্ছেন বাংলাদেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং কুতুব উদ্দিন আহমেদ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সাংবাদিকদের জানান, সকাল থেকেই কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন। শ্রমিকেরা জানান, কারখানায় আসতে একটু দেরি হলেই হাজিরা বোনাস কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব সমস্যার কথা বলা হলেও মালিকপক্ষ কোনো কর্ণপাত করেনি। তাই তাঁরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে মালিকপক্ষ টিফিন ভাতা ১৬ টাকা এবং হাজিরা বোনাস ৪০০ টাকা করে দেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। আবদুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘শ্রম আইনের বাইরে শ্রমিকদের কিছু চাওয়ার ছিল। একে শ্রমিকদের দাবি বলা যাবে না। তাঁদের কিছু অনুরোধ ছিল, তা রক্ষার চেষ্টা করেছি।’