টিফিনের টাকা বাঁচিয়ে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিফিনের টাকা বাঁচিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীবেষ্টিত ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামারি, বুলবুলির চর ও ভাঙ্গাপাড়া গ্রামের ৩০০টি পরিবারকে গতকাল সোমবার ত্রাণ দিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরিবারপ্রতি দুই কেজি করে চাল, আধা কেজি ডাল, এক কেজি আটা, আধা কেজি লবণ, তিনটি খাবার স্যালাইন, দুটি দেশলাই, একটি সাবান, এক প্যাকেট বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

গতকাল সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে দুর্গম চরাঞ্চলে ঘুরে ঘুরে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীরা কখনো হাঁটুপানি, কখনো কোমরপানি ভেঙে ত্রাণসামগ্রী মাথায় নিয়ে বন্যার্তদের ঘরে ত্রাণ পৌঁছে দেয়। ধূমপানবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন গাইবান্ধা জেলা শাখা এবং স্মাইল ফর অল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে মাসিক পত্রিকা হাতেখড়ি।

অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মেহেদি হাসান বলেন, ‘দুই সংগঠনের সদস্যরা সবাই শিক্ষার্থী। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে এবং গত দশ দিন ধরে বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এসব ত্রাণ দিই।’