টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণ
এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীরা ৪০০ গাছ কিনেছে। এসব গাছ তারা নিজেদের বাড়ির আঙিনায় বা সড়কের ধারে রোপণ করবে। নিজেরাই গাছের পরিচর্যা করবে। গতকাল রোববার রাজশাহীর বাঘা উপজেলার দাদপুর গড়গড়ি উচ্চবিদ্যালয়ে এসব গাছের চারা বিতরণ করা হয়।
টিফিনের টাকা বাঁচিয়ে গাছ লাগানোর ‘থিম’ নিয়ে রাজশাহী ও নাটোরের ৪১টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলেছে ‘আলোর মিছিল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল দাদপুর গড়গড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরেরহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও চারা কিনে ওই অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অদম্য মেধাবী রোজিনা খাতুন। তাঁর জীবনী ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ে পাঠ্যসূচিভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন নওগাঁর শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, দাদপুর গড়গড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, চলচ্চিত্র নির্মাতা শিমুল সরকার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা জুবায়ের আল মাহমুদ রাসেল।
টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কেনার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দাদপুর গড়গড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার বলে, ‘বছরে এক দিনের টিফিনের টাকা বাঁচানো কোনো ব্যাপারই না। তবে এভাবে টাকা বাঁচিয়ে একটা গাছ কেনার চিন্তাটা আগে মাথায় ছিল না।’