টিফিনের টাকায় দগ্ধদের পাশে দাঁড়াল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিফিনের টাকা বাঁচিয়ে পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের পাশে দাঁড়াল শিক্ষার্থীরা। রংপুর নগরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছেলেমেয়েরা দগ্ধ ২০ জনকে আর্থিক সাহায্য করেছে। এই ২০ জনই বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
শিক্ষার্থীদের সাহায্যের পরিমাণ খুব বেশি না হলেও তাতেই খুশি দগ্ধ মানুষগুলো, আর তাঁদের স্বজনেরা। তাঁরা মহৎ উদ্যোগ হিসেবে দেখছেন বিষয়টি। বলেছেন, এটি অনুকরণীয় ঘটনা।
অবরোধ-হরতালে পেট্রলবোমায় দগ্ধ ২০ জনের প্রত্যেককে ১ হাজার ২০০ টাকা করে মোট ২৪ হাজার টাকা দিয়েছে শিক্ষার্থীরা। গত সোমবার এই টাকা দগ্ধ ব্যক্তিদের স্বজনদের হাতে তুলে দেয় তারা।
প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয়া সরকার বলে, ‘এই কাজে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছে।’ একাদশ শ্রেণির তানজিনা আকতারের মন্তব্য, সবার অংশগ্রহণে একটি মহৎ কাজ হয়ে যেতে পারে। এটি তার উদাহরণ।
আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী এই মহৎ কাজটির উদ্যোগ নেন। তিনি বলেন, ‘প্রথমে নিজে ভাবলাম। পরে সেই ভাবনার কথা অধ্যক্ষকে জানালাম। অধ্যক্ষ সানন্দে তা গ্রহণ করলেন। শিক্ষার্থীরাও এগিয়ে এল।’
অধ্যক্ষ কে এন হাসিনুর রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে মোট দেড় হাজার শিক্ষার্থী। তারা সবাই এক দিন টিফিন না খেয়ে সেই টাকা দগ্ধ ব্যক্তিদের সাহায্যে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কেউ পাঁচ টাকা দিয়েছে, কেউবা ২০ টাকা। এভাবে যে যা পেরেছে দিয়েছে। সবার চাঁদায় শেষ পর্যন্ত ২৪ হাজার টাকা ওঠে।
হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক আবদুল মোতালেবের (৫০) স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের পাশোত স্কুলের ছাত্ররা এসেছে। এটা তো খুশির খবর। তারা এখানে এসে সকলের জন্য দোয়া করেছে।’
বার্ন ইউনিটে গিয়ে দগ্ধ ব্যক্তিদের টাকা দেওয়ার সময় অন্যদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সভাপতি, পরিচালক মোস্তফা আহমেদ, মনজুর আহমেদ, ফজলুল হক ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে বর্তমানে ২০ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতে দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগই দিনমজুর ও রিকশাচালক।