টিফিনের টাকায় শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিমা কোনাপাড়া গ্রামের ​টিফিনের টাকা বাঁচিয়ে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করছে কয়েকজন শিশু-কিশোর। ছবি: প্রথম আলো
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিমা কোনাপাড়া গ্রামের ​টিফিনের টাকা বাঁচিয়ে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করছে কয়েকজন শিশু-কিশোর। ছবি: প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম কোনাপাড়া গ্রামের কয়েকজন শিশু ও কিশোর তাদের স্কুলের টিফিনের টাকা জামিয়ে তৈরি করেছে একটি অস্থায়ী শহীদ মিনার। আজ শনিবার তারা শহীদ মিনারটি নির্মাণকাজ শেষ করেছে। আজ রাত ১২টার পর সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে তারা।
ওই শিশু কিশোরেরা হলো, পাবেল মিয়া, নূর আলম, আল-আমিন, আশরাফুল, মোজাম্মেল, মোস্তাকিম ও সাকিব। তারা স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্র।
ওই শিশু কিশোরেরা জানায়, গত চার বছর ধরে ২১ ফেব্রুয়ারির আগে তারা কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে আসছে। ২১ ফেব্রুয়ারির দিন তারা ওই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। কিন্তু এ বছর স্কুলের টিফিনের টাকা জমিয়ে ও অভিভাবকদের কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে তারা সিমেন্টের পিলার দিয়ে শহীদ মিনার তৈরির উদ্যোগ নেয়। গতকাল শুক্রবার থেকে তারা তা তৈরির কাজ শুরু করে। তারা তিনটি পিলার তৈরি করে। কিন্তু স্থাপনের সময় একটি পিলার ভেঙে যাওয়ায় তারা তার পরিবর্তে একটি কলাগাছ ব্যবহার করেছে।
পাবেল, নূর আলম, ও আল-আমিন প্রথম আলোকে জানায়, বাড়ির পাশে কোনো শহীদ মিনার নেই। তাই তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এভাবে শহীদ মিনার তৈরি করে। তবে এবার সিমেন্ট দিয়ে শহীদ মিনার তৈরি করতে পারায় তাদের খুব ভালো লাগছে। এ ক্ষেত্রে তাদের বাবা-মায়ের উৎসাহ ও সহযোগিতা আছে।