স্যাটেলাইট টিভি চ্যানেল পরিচালনা ও নির্মাতাদের অর্থ পরিশোধের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। একই সঙ্গে তাঁরা চ্যানেল ওয়ানসহ দেশের সব চ্যানেলে বিনিয়োগ করা প্রাপ্য অনাদায়ী অর্থ অবিলম্বে পরিশোধ করার দাবি করেছেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বারবার পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও অনেকগুলো চ্যানেল বকেয়া পরিশোধ করেনি। এই চ্যানেলগুলোর কাছে নির্মাতাদের পাঁচ কোটিরও বেশি টাকা পাওনা রয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিক আনাম খান লিখিত বক্তব্যে বলেন, হঠাৎ করে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যাওয়ায় অনুষ্ঠান নির্মাণে প্রযোজকদের লগ্নি করা অর্থ ফেরত পাওয়ার বিষয়টি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। তারা চ্যানেল ওয়ান এবং ২০০১ সালে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমরা যেমন চাই না কোনো চ্যানেল বন্ধ হয়ে যাক, তেমনি নিয়মনীতি বহির্ভূতভাবে কোনো চ্যানেলের কার্যক্রম চলতে থাকুক তা-ও আমরা চাই না।’ সংগঠনের সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘এভাবে চলতে থাকলে মেধার বিকাশ ঘটবে না, আর পাওনা শোধ না করলে নির্মাতারা মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করার অর্থও সংস্থান করতে পারবেন না।’সংবাদ সম্মেলনে বক্তারা বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো যাতে পার্শ্ববর্তী দেশে দেখা যায়, সে জন্য সরকারি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া তাঁরা বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান নির্মাণ ও সম্ভাবনাময় এই শিল্পটিকে রক্ষা করার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ ও আইন প্রণয়নের দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা সংঘাত চাই না। সৌহার্দমূলক পরিবেশ, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে সৃষ্টিশীল কাজে জড়িত থাকতে চাই। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে পাওনা পরিশোধ না করলে আন্দোলনে নামার মতো কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সন্মেলনে বক্তব্য দেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, তুষার খান প্রমুখ।