টিভি দেখে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি দেখে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক স্কুলছাত্রী মারা গেছে। তার নাম সুদীপ্তা দাস (১৩)। সে পূর্বধলার আরবান একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটেছে।
সুদীপ্তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়াইর গ্রামে। তার বাবা সুরেশ দাস ও মা দীপালি রানী দাস বেসরকারি সংস্থা ব্র্যাকের পূর্বধলা শাখায় চাকরি করেন। তাঁরা পূর্বধলার নয়াপাড়া এলাকার রামেন্দ্র পালের বাসায় ভাড়া থাকেন।
সুদীপ্তার পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াপাড়া এলাকার ওই বাসায় সুদীপ্তা দাস ও তার ছোট বোন সেঁজুতি দাস (৭) একটি টিভি চ্যানেলের দৃশ্য অনুকরণ করে গলায় ওড়না লাগিয়ে ফাঁসি ফাঁসি খেলছিল। এ সময় তাদের মা-বাবা বাসায় ছিলেন না। একসময় ছোট বোনের কান্না শুনে পাশের বাসিন্দারা এসে ঘরের আড়ায় ফাঁস দেওয়া সুদীপ্তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর সেঁজুতি দাস প্রায় ছয় ঘণ্টা অচেতন ছিল।
সুদীপ্তা দাসের মা দীপালি রানী দাস বলেন, ‘আমার মেয়ে দুইটা সব সময় বাসায় ভূত ও ফাঁসির অনুষ্ঠান দেখত এবং তা খেলত। আমি প্রায়ই তাদের বারণ করতাম। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে যখন ফোন করি তখন ছোট মেয়েটা ফোন ধরে বলেছিল দিদি কোচিংয়ে যায়নি। আমরা খেলছি।’ এরপর পাশের বাসার একজন আমাকে ফোনে এ ঘটনা জানান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।