টিভি প্রচারণাকে গুরুত্ব দিচ্ছেন কয়েকজন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ৮২ হাজার পোস্টার, দুই লাখ প্রচারপত্র ও ৫০টি ডিজিটাল ব্যানার ছাপাবেন। পথসভা করবেন ৩০০টি। আর প্রথমবারের মতো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারণার জন্য তিনি সর্বোচ্চ তিন লাখ টাকা বরাদ্দ রেখেছেন। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।মহিউদ্দিনের মতো এবার মেয়র পদে আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রচারণায় ইলেকট্রনিক মিডিয়াকে প্রাধান্য দিচ্ছেন। বেশ কয়েকজন প্রার্থী হলফনামায় এবার এ খাতে সর্বোচ্চ সম্ভাব্য খরচ দেখিয়েছেন। বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এম মঞ্জুর আলম টেলিভিশন প্রচারণায় ব্যয় ধরেছেন ৫০ হাজার টাকা। এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত। হলফনামায় তিনি ১০০টি পথসভা করার পাশাপাশি বিভিন্ন স্থানে ১০০টি সাধারণ ও ৫০টি ডিজিটাল ব্যানার লাগাবেন বলে উল্লেখ করেছেন। মঞ্জুর আলম পোস্টার বের করবেন ৫০ হাজার। মঞ্জুর আলমের নির্বাচনী খরচ মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম উল্লেখ করা হয়। তিনি মোট নির্বাচনী ব্যয় ধরেছেন ছয় লাখ টাকা। মহিউদ্দিন তাঁর নির্বাচনী ব্যয় মঞ্জুরের প্রায় পাঁচ গুণ ২৯ লাখ ৬০ হাজার টাকা ধরেছেন।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, মঞ্জুর আলম নাগরিক কমিটির প্রার্থীর চেয়ে ৩০০টি বেশি প্রতীক বানাবেন। মঞ্জুর ৫০০টি প্রতীক ও মহিউদ্দিন ২০৫টি প্রতীক বানাবেন। মহিউদ্দিন জাহাজ ও মঞ্জুর আনারস প্রতীকের জন্য আবেদন করেছেন। আগামী ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে।সূত্র জানায়, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ ২৫ লাখ টাকা ও জামায়াত-সমর্থিত প্রার্থী মো. আফসার উদ্দিন চৌধুরী ১২ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের কথা উল্লেখ করেন। সোলায়মান শেঠ টেলিভিশন প্রচারণায় ব্যয় করবেন তিন লাখ টাকা। এ ছাড়া এক লাখ পোস্টার ও ১৬৪টি ডিজিটাল ও সাধারণ ব্যানার বানাবেন। পথসভা করবেন ৭৫টি।আফসার টেলিভিশন প্রচারণায় কোনো ব্যয় রাখেননি। জামায়াতের প্রার্থী ঘরোয়া বৈঠকের ওপর জোর দিয়েছেন বেশি। আফসার ৩০০টি পথসভা করবেন। ঘরোয়া বৈঠক খাতে তিনি ব্যয় ধরেছেন চার লাখ টাকা। এ ছাড়া তিনি এক লাখ পোস্টার, ৪০০টি সাধারণ ব্যানার করবেন। তাঁর প্রতীক বানানো হবে ৩০০। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, এবার প্রথমবারের মতো টেলিভিশনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে। এ নিয়ে কিছু প্রার্থীর আগ্রহ খুব বেশি দেখা যাচ্ছে।