টিভিতে দগ্ধদের দেখেও প্রতিক্রিয়া হয়নি ওঁদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে বাসে পেট্রলবোমা হামলার পর ঘটনার শিকার দগ্ধ হওয়া মানুষকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিবেদন দেখেছেন তাঁরা। তবে কোনো প্রতিক্রিয়া হয়নি। পরদিন আবারও ‘কাজে’ গিয়েছিলেন। কয়েকজন ‘বড় ভাই’ ফোন করে তাঁদের বাহবা দিয়েছেন। এক বড় ভাই দিয়েছেন পরবর্তী সময়ে বড় পদ পাওয়ার আশ্বাস।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা বলেছেন, গত ২৮ নভেম্বরের ওই নৃশংস ঘটনায় গ্রেপ্তার ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি উজ্জ্বল হোসেন (২৬) ও ছাত্রদলের কর্মী সোহেল চান (২৮) জিজ্ঞাসাবাদে এমন কথাই তাঁদের বলেছেন।

শাহবাগের বোমা হামলায় দগ্ধ ১৯ জনের মধ্যে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। একজন প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন। বাকিরা এখনো সুস্থ হননি।

ডিবি বলেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও তাঁদের কেউই বাসে পেট্রলবোমাটি ছোড়েননি বলে দাবি করেছেন। তাঁদের দাবি, জহির নামের অন্য একজন বোমাটি ছুড়েছিলেন। দুজনের মধ্যে ছাত্রদলের নেতা উজ্জ্বল রাজনীতি ছাড়া অন্য কিছু করেন না। আর কর্মী সোহেল নিউমার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী। ছাত্রদলের অন্য এক নেতার মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে সোহেলের পরিচয় হয়। এরপর তাঁরা একসঙ্গে ‘কাজ’ করতেন। কাজ বলতে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ছোড়া ইত্যাদি। এ জন্য প্রতি দলকে নিয়মিত টাকা দেওয়া হতো।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের একজন শীর্ষ নেতা এই জ্বালাও-পোড়াওয়ের কাজগুলো সমন্বয় করছেন। গ্রেপ্তার হওয়া উজ্জ্বল তাঁর শিষ্য। গেন্ডারিয়া থানা ছাত্রদলের একজন নেতাও এই কর্মকাণ্ডে বড় ভূমিকা রাখছেন। পুরান ঢাকাকেন্দ্রিক রাজনীতি করলেও তাঁরা রাজধানীর মধ্য ও দক্ষিণাংশে অন্তত ৫০টি নাশকতার ঘটনা ঘটিয়েছেন।

জিজ্ঞাসাবাদে উজ্জ্বল ও সোহেল ডিবিকে বলেছেন, ২৮ নভেম্বর শাহবাগে বাসে আগুন দেওয়ার সময় সেখানে তাঁরা সাতজন ছিলেন। সকালে তাঁরা পুরান ঢাকা থেকে বেরিয়ে গুলিস্তান হয়ে পল্টনের দিকে যান। পুলিশের সতর্কতা ও বেশি জনসমাগম দেখে তাঁরা দুপুরের দিকে কাকরাইলে চলে যান। কাকরাইল মসজিদের সামনে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে রমনা পার্কে ঢুকে পড়েন। সেখান থেকে যান সোহরাওয়ার্দী উদ্যানে। পরে শিখা চিরন্তনের পাশে একজন ‘বড় ভাই’ তাঁদের মধ্যে কিছু টাকা বিতরণ করেন। সোহেলকে চার হাজার এবং বাকিদের দেড় থেকে তিন হাজার টাকা করে দেওয়া হয়।

সন্ধ্যার পর এই দলটি বিশেষ কিছু করার পরিকল্পনা করছিল। কারণ, ‘বড় ভাইয়েরা’ বারবার তাগাদা দিচ্ছিলেন বড় কিছু করতে। সাতজনের দলটি সন্ধ্যায় শিশুপার্ক-সংলগ্ন শিখা চিরন্তনে ঢোকার ফটকে আসে। দুজন রাস্তা পার হয়ে সড়ক বিভাজকের ওপরে দাঁড়ান। অন্যরা বিহঙ্গ পরিবহনের বাসটিকে আসতে দেখে থামানোর জন্য সংকেত দেন। স্টপেজ না হওয়ায় চালক গাড়ি থামাননি। এ সময়ই সড়ক বিভাজকে থাকা একজন বোতল ছুড়ে মারেন। গতি সামলাতে না পেরে বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়।

ডিবি বলছে, উজ্জ্বল ও সোহেল তাঁদের জানিয়েছেন তাঁরা পালিয়ে না গিয়ে বাসটিতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা দেখতে এগিয়ে যান। আরোহীরা এ সময় আর্তচিৎকার করছিলেন। কেউ কেউ দরজা-জানালা দিয়ে লাফিয়ে নামছিলেন। এসব দেখে হাতে থাকা আরও তিন বোতল পেট্রল ব্যবহার না করেই এক দল নিউমার্কেটের দিকে ও আরেক দল পুরান ঢাকার দিকে চলে যায়।

কী ধরনের বোমা ব্যবহার করা হয়—পুলিশ কর্মকর্তাদের এ প্রশ্নের জবাবে উজ্জ্বল ও সোহেল বলেছেন, ‘বোতলটা পলিথিনে মোড়ানো ছিল।’

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে তাঁরা কোনো কাচের বোতল পাননি। ধারণা করা হচ্ছে, বাসের কাচে লেগে বোতল ভেঙে রাস্তায় পড়ে গেছে। তবে পোড়ার ধরন দেখে এটা সাধারণ পেট্রলবোমা কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বাসটির সামনের কাচে হালকা কাদার মতো বস্তু ও বাসের পুড়ে যাওয়া আসন রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় বাসের ভেতরে সামান্যই পুড়েছে। আগুন নিজে থেকেই নিভে যায়। তবে তার আগে দগ্ধ করে গেছে ১৯ জনকে।

পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণত এক বোতল পেট্রলের মধ্যে কাপড়ের সলতে দিয়ে তৈরি হয় পেট্রলবোমা। কিন্তু পেট্রলের সঙ্গে অ্যাসিড ও গানপাউডার ব্যবহার করে আরেক ধরনের পেট্রলবোমার ব্যবহার রয়েছে। এঁরা সে ধরনের কোনো বোমা ব্যবহার করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রযুক্তির মাধ্যমে ঘটনার সময় ওই এলাকায় ওঁদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।