টিভিতে দেখে গ্রামের মানুষ চিনল, এ তো ইউসুফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার মো. হাবিব ওরফে সোহেল ওরফে ইউসুফ মুন্সির গ্রামের মানুষ লজ্জিত ও বিস্মিত। হাবিবের প্রতি ঘৃণা-ধিক্কার জানাচ্ছেন তাঁরা।
টাকা লুটের ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যও। হাবিব গ্রামের মানুষের কাছে ইউসুফ হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর ছবি দেখে তাঁরা নিশ্চিত হন, কথিত হাবিব তাঁদের গ্রামেরই ইউসুফ মুন্সি (৩৮)। এ ছাড়া ইদ্রিস (৩০) নামে যে আরেকজনকে র্যাব গ্রেপ্তার করেছে, তিনি ইউসুফের আপন ছোট ভাই।
আজ বুধবার দুপুরে গাবুয়া গ্রামে গেলে সবার মুখে শুধু এই দুই ভাইয়ের টাকা চুরির কথা শোনা যায়। কয়েকজনকে জিজ্ঞাসা করতেই ইউসুফদের বাড়ি চিনিয়ে দিলেন তাঁরা।
গ্রামবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফের বাবা সেরাজ মুন্সি ওরফে সেরু মুন্সি ২৫ বছর আগে মারা যান। সেরাজ মুন্সি তিন বিয়ে করেন। ছোট স্ত্রী সুফিয়া বেগমের (৭০) তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে ইউসুফই বড়। পাঁচ বছর আগে ছোট ছেলে ইব্রাহিম মারা যান। স্বামী মারা যাওয়ার পর সুফিয়া সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান।
পারিবারিক সূত্র জানায়, অক্ষরজ্ঞানসম্পন্ন ইউসুফ ১৩ বছর আগে নিজ গ্রামের পাশের পাঙ্গাশিয়া গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান ও স্ত্রী গ্রামে থাকেন। ২০০৯ সালে ইউসুফ সর্বশেষ গ্রামে যান। গিয়ে ঘর তুলে মাকে সেখানে রেখে চলে যান। এর পর থেকে ইউসুফের আর কোনো খোঁজ পাননি স্বজনসহ গ্রামবাসী।
সুফিয়া বেগম জানান, তাঁর ছেলে কিশোরগঞ্জে আরেকটি বিয়ে করেছে বলে তাঁরা শুনেছেন। এ ছাড়া তাঁরা সবাই জানতেন, ইউসুফ বিদেশে আছে। আরেক ছেলে ইদ্রিস ঢাকার শ্যামপুরে একটি কারখানায় কাজ করে। মাঝেমধ্যে গ্রামের বাড়ি এসে তাঁকে খরচের টাকা দিয়ে যায়।
গ্রামবাসীর অনেকে ইউসুফকে ধূর্ত প্রকৃতির বলে মন্তব্য করেন। ইউসুফের বাড়ির প্রতিবেশী মো. নাসির মৃধা, মজিবর মাস্টার, ছাত্তার সিকদার বলেন, স্থানীয় বাজারে টিভিতে ব্যাংকের টাকা চুরির খবরটি তাঁরা প্রথম জানতে পারেন।
বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অফিস সহকারী আবু বকর খান বলেন, ‘টিভি ও পত্রিকায় ছবি দেখে নিশ্চিত হই, ওরা এই গ্রামেরই ছেলে এবং আপন দুই ভাই ইউসুফ ও ইদ্রিস। এরা যে কাজটি করেছে, তা আমাদের জন্য লজ্জাজনক।’
বদরপুরের পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা বেগম বলেন, ‘এলাকার জন্য ছেলেরা সুনাম বয়ে আনে। কিন্তু ওরা আমাদের জন্য বয়ে আনল কলঙ্ক। অনেকেই ফোন করে ওদের সম্পর্কে জানতে চাচ্ছে। আসলে ওদের কৃতকর্মের জন্য আমরা গ্রামবাসী লজ্জিত ও বিস্মিত।’
এদিকে ইউসুফের মা বলেন, তাঁর ছেলে চুরি করেছে, সে বিচার তো হবেই। সেই সঙ্গে এত বড় কাজ তাঁর ছেলে একা করতে পারে না। যাঁরাই এর সঙ্গে জড়িত, তাঁদের যেন বিচার হয়।