টিভির ছয় আলোচকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড
নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড

ইসলামী ফ্রন্টের (মতিন) নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় টিভি উপস্থাপক ও জামায়াতের রোকন তারেক মনোয়ারসহ টেলিভিশনের ছয়জন উপস্থাপক ও আলোচকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি এই মামলা করেন।
ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত শেরেবাংলা নগর থানার পুলিশকে নালিশি আবেদন এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন এবং একই ঘটনায় থানায় করা মামলার সঙ্গে তা তদন্ত করার নির্দেশ দেন।
তারেক মনোয়ার ছাড়া অন্য আসামিরা হলেন: নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী, কাজী ইব্রাহীম, আরকানুল্লাহ হারুনী, খালেদ সাইফুল্লাহ বখশী ও মুখতার আহমদ। আসামিরা সবাই বিভিন্ন টিভি চ্যানেলের উপস্থাপক ও আলোচক।
মামলার আরজিতে বলা হয়, ২০১০ সালের জানুয়ারি মাসে সুনামগঞ্জে জামায়াত–শিবিরের উগ্রপন্থীরা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার চেষ্টা করে। ২০১২ সালে ময়মনসিংহের ত্রিশালে কাজী ইব্রাহিম তাঁকে হত্যার হুমকি দেন। বিভিন্ন ওয়াজ মাহফিল ও অনুষ্ঠানে আসামিরা ফারুকীকে হত্যার হুমকি দেন। সর্বশেষ গত ২২ আগস্ট ঢাকা ট্রেড সেন্টারে একটি আলোচনা সভায় তারেক মনোয়ারসহ অন্য আসামিরা ফারুকীকে হত্যার হুমকি দেন। গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় নিজ বাসায় তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। তাই আদালতে আরজি নিয়ে আসতে হয়েছে।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আলী আহসান মোল্লা ও আরুসুর রহমান।
গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে নুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলামের ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে আট-নয়জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তার শরীফুল ইসলাম ও মাহমুদা খাতুনকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত বুধবার কারাগারে পাঠানো হয়। ইউসুফের রিমান্ড গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে গ্রেপ্তার এ তিনজনের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা।