টিম টিম করে চুলা জ্বলে

>• রমজান মাসে পাওয়া যেত ১৬০ কোটি ঘনফুট গ্যাস
• এখন ১৫০ কোটি ঘনফুট
• শিগগিরই দুর্ভোগ থেকে মুক্তি নেই
কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার গৃহিণীরা এখন চাইলে চুলায় রান্না বসিয়ে বাইরে থেকে দুই-তিন ঘণ্টার জন্য ঘুরে আসতে পারেন। এই সময়ের মধ্যে ভাত-তরকারি কোনোটাই পুড়বে না। এখানকার বেশির ভাগ বাসায় সকাল থেকে বিকেল পর্যন্ত টিম টিম করে গ্যাসের চুলা জ্বলে। ভাত রান্না করতে যদি আগে ২০ মিনিট লাগত এখন লাগে তিন ঘণ্টা। গত রমজান মাস থেকেই গ্যাসের সমস্যায় ভুগছেন ফ্রি স্কুল স্ট্রিট এলাকার বাসিন্দারা। এখন সমস্যা আরও প্রকট হয়েছে।
ফ্রি স্কুল স্ট্রিটের ২৪২/২ নম্বর বাড়িতে ১১টি পরিবার বসবাস করে। এই বাড়ির ভাড়াটে আবদুস সাদী গত রোববার বলেন, রমজান মাসে গ্যাস নিয়ে অনেক কষ্ট করেছেন। মাঝে কিছুটা উন্নতি হলেও গত চার দিন অবস্থা ভয়াবহ। ভাত রান্না করতে কমপক্ষে তিন ঘণ্টা লাগে। সকালে বাসায় চা-নাশতার ঠিকমতো উপায় নেই।
রাজধানীতে সরবরাহের জন্য রমজান মাসের তুলনায় এখন ১০ কোটি ঘনফুট কম গ্যাস পাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। রমজান মাসে পাওয়া যেত ১৬০ কোটি ঘনফুট গ্যাস। এখন পাওয়া যাচ্ছে ১৫০ কোটি ঘনফুট। ফলে রাজধানীর অনেক এলাকায় গ্যাসের চুলা জ্বলছে না। এ মাসে এই সংকটের সুরাহা হবে এমন আশার কথা শোনাতে পারেননি তিতাসের কর্মকর্তারা।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ঢাকায় কমপক্ষে ২০০ কোটি ঘনফুট গ্যাস দরকার, পাওয়া যাচ্ছে ১৫০ কোটি ঘনফুটেরও কম। গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন কম হওয়ায় ঢাকায়ও সরবরাহ কম। তিনি বলেন, জাতীয় গ্রিডে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) যুক্ত না হওয়া পর্যন্ত গ্যাস সমস্যা কমার কোনো সম্ভাবনা নেই।
কাঁঠালবাগানের মতোই ধানমন্ডির কিছু এলাকাতেও গ্যাসের সমস্যা চলছে। ধানমন্ডি ৮ নম্বর সড়ক এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলা জ্বলে না বলে জানান স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন। তিনি জানান, গভীর রাতে চুলায় ঠিকমতো গ্যাস পাওয়া যায়। দিনের বেলার খাবার রাতে রান্না করে রাখতে হয়। ধানমন্ডির ১১/এ নম্বর সড়ক এলাকাতেও গ্যাসের সমস্যা চলছে।
অভিজাত ধানমন্ডি এলাকারই যখন এই অবস্থা তখন মিরপুর ইব্রাহিমপুর ও ১৪ নম্বর সেকশন এলাকার দুর্ভোগ বেশি হওয়াটাই স্বাভাবিক। ইব্রাহিমপুর সেতু এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আজগর আলী প্রথম আলোয় ফোন করে জানান, তাঁর বাসায় কয়েক দিন ধরে কেরোসিনের চুলায় রান্না হচ্ছে।
পুরান ঢাকার গেন্ডারিয়া ও সূত্রাপুরের বিভিন্ন মহল্লায় গ্যাসের সংকট চলছে। গতকাল বেলা ১১টার সূত্রাপুরের মালাকারটোলায় গেলে কথা হয় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা জানান, সকাল ৭টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত গ্যাস থাকেই না।
ওয়াল্টার রোড, মদন সাহা রোড, বি কে দাস রোড, ফরাশগঞ্জসহ সব এলাকায় একই অবস্থা। স্থানীয় বাসিন্দারা বলেন, তিতাস গ্যাস কোম্পানির পরিদর্শক এলে অভিযোগ করেও লাভ হয় না। সূত্রাপুর থানার বিপরীত দিকে শাপলা হোটেলে সাতটি বার্নারের (চুলা) অনুমতি আছে। কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে বলে জানান হোটেলের ব্যবস্থাপক মো. রেজোয়ান।
তাঁতীবাজারের বাসিন্দা ইয়াকুব হোসেন অভিযোগ করেন, এলাকার প্রায় সব বাড়িতে হয় সিলিন্ডার গ্যাস নয়তো কেরোসিন চুলা ব্যবহার হচ্ছে। তিতাস গ্যাসের লোক এসে কয়েক দিন আগে তাগিদ দিয়ে গেছেন, গ্যাস বিল পরিশোধ না করলে লাইন কেটে দেওয়া হবে। লাইন থাকলেও গ্যাস পাওয়া যায় না কেন এটি বলার পর তিনি কোনো জবাব দেননি।