টিলা অক্ষত রেখে ফটক তৈরির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠের টিলা অক্ষত রেখে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক তৈরির নির্দেশ দিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল মঙ্গলবার চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী মেলার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।চেম্বার সূত্র জানায়, গত সোমবার প্রথম আলোয় ‘টিলা কেটে মেলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে চেম্বার প্রশাসক মেলাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি টিলা অক্ষত রেখে মেলার প্রধান ফটক তৈরির নির্দেশ দেন। চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন পরিবেশবাদী আন্দোলনে সম্পৃক্ত। টিলা কেটে মেলা করার বিষয়ে তাঁর সমর্থন কখনোই থাকবে না। উল্লেখ্য, শাহী ঈদগাহ মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে সিলেট চেম্বার। মেলা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে ‘জে এস ট্রেড ইন্টারন্যাশনাল’। ১৪ জুলাই বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করার কথা রয়েছে।