টিলা এলাকায় ট্রেন চলাচলে ঝুঁকি
আখাউড়া-সিলেট রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি কয়েকটি টিলা রেল চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব উঁচু টিলা অতিক্রম করতে না পেরে প্রায়ই পথে ট্রেন আটকে পড়ে, দুর্ঘটনাও ঘটে।
গতকাল মঙ্গলবার সিলেট-আখাউড়া পথে একটি সারবাহী ট্রেনকে টিলা পার হতে সাহায্য করতে গিয়ে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া ও হবিগঞ্জের বাহুবলের রশিদপুর এলাকার পাহাড়ি পথে ট্রেন আটকে যাওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী কুশিয়ারা এক্সপ্রেস গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রশিদপুর স্টেশনে পৌঁছায়। এ ট্রেনের ইঞ্জিনটিকে কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে থেমে থাকা গাইবান্ধাগামী একটি সারবাহী ট্রেনের পেছনে যুক্ত করা হয়। ইঞ্জিনটির সহায়তায় সারবাহী ট্রেনটিকে লাউয়াছড়া ও রশিদপুরের টিলা পার করে দেওয়া হয়। এতে বিকেল চারটা বেজে যায়। এত দেরি হওয়ায় গতকাল কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করে দেওয়া হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ১৪ ফেব্রুয়ারি বেলা পৌনে তিনটার দিকে দিনাজপুরের পার্বতীপুরগামী সারবাহী একটি ট্রেন লাউয়াছড়ার টিলা অতিক্রম করতে গেলে দুটি বগির সংযুক্তি ছিঁড়ে যায়। এ সময় ট্রেনের পেছনের ১০টি বগি টিলার ঢালু দিকে ছুটে আসে। এতে রেলপথ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ওই পথে রেল যোগাযোগ বন্ধ থাকে।
শমশেরনগরের স্টেশনমাস্টার আবদুল আজিজ বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারটি টিলা ও রশিদপুর এলাকার দুটি টিলা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব টিলা অতিক্রম করতে না পেরে প্রায়ই ট্রেন পাহাড়ে আটকা পড়ে। তখন আটকা পড়া ট্রেনটিকে পেছনের দিকে ফিরিয়ে এনে গতি বাড়িয়ে আবার টিলা পার হতে হয়। অনেক সময় ট্রেনের পেছনে অতিরিক্ত একটি ইঞ্জিন লাগিয়ে ধাক্কা দিয়ে টিলা অতিক্রম করতে হয়। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। ঘন কুয়াশা ও ভারী বৃষ্টি হলে টিলা এলাকার রেলপথ পিচ্ছিল হয়। তখন মেইল ট্রেন ও মালবাহী ট্রেনের ইঞ্জিনে বালুভর্তি বস্তা রাখা হয়। পিচ্ছিল রেলপথে বালু ছিটিয়ে ট্রেন পারাপার করতে হয়। ট্রেনের ইঞ্জিন পুরোনো হলে সমস্যা বেশি হয়।