টিলা কর্তন, ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিলা কাটার ফলে বিদ্যুতের এই টাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
টিলা কাটার ফলে বিদ্যুতের এই টাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

টিলার মাটি কেটে ফেলায় রাঙামাটির শহরতিল রাঙ্গাপানি-আসামবস্তী এলাকার সংযোগস্থলে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের একটি টাওয়ার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেদভেদি-রাঙ্গাপানি-আসামবস্তী-তবলছড়ি সংযোগ সড়কে মাটি ভরাট এবং জেলা প্রশাসনের উদ্যোগে নতুন প্রতিষ্ঠিত রাঙামাটি পাবলিক কলেজ ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে মাটি ভরাটের জন্য ওই টিলার মাটি কাটা হয়েছে। তবে প্রশাসনের দাবি, কলেজের জন্য মাটি কাটার কারণে বিদ্যুতের টাওয়ার ঝুঁকিপূর্ণ হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রমতে, ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের ওই টাওয়ারটি ধসে পড়লে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া রাঙামাটি-মহালছড়ি সংযোগ লাইন সম্পূর্ণ বিকল হয়ে পড়বে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপক খীসা বলেন, ‘টিলাটি কাটার সময় জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল। এর পরও বিপজ্জনকভাবে টিলাটি কেটে ফেলা উচিত হয়নি। প্রশাসন সেটা বন্ধের উদ্যোগ না নিলে আমাদের করার কী আছে।’ টিলার মাটি শক্ত থাকায় টাওয়ারটি কিছুটা বিপদমুক্ত। তবে বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে গেলে ঝুঁকি বাড়বে বলে তিনি মন্তব্য করেন। ওই টাওয়ার থেকে বৈদ্যুতিক লাইনটি সরিয়ে ফেলা অনেক ব্যয়বহুল হবে বলে উল্লেখ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের টাওয়ারের কোনো দিকে পাঁচ ফুট কোনো দিকে চার ফুট কাছাকাছি পর্যন্ত মাটি কাটা হয়েছে। টাওয়ারের টিলার চূড়া থেকে আনুমানিক ১৫ থেকে ২০ ফুট নিচ পর্যন্ত মাটি কাটা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণের দুই ঠিকাদারের লোকজন ট্রাক্টর দিয়ে টিলা কেটে মাটি নিয়ে গেছে। এসব মাটি ভেদভেদি-তবলছড়ি সংযোগ সড়ক ও আসামবস্তী এলাকার পাশের সড়ক বাঁধের উচ্চতা বাড়ানোর জন্য এবং সড়কের বিভিন্ন নিচু স্থান ভরাটের জন্য ব্যবহার করা হয়েছে। এ ছাড়া রাঙামাটি পাবলিক কলেজের জন্য তবলছড়ি নারকেলবাগানের নিচু অংশে মাটি ফেলা হয়েছে।
গত মঙ্গলবার একজন ঠিকাদারের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। অপর ঠিকাদার সাইদুল হক টিলা থেকে মাটি নেননি দাবি করে বলেন, ‘টিলা থেকে রাঙামাটি পাবলিক কলেজের জন্য মাটি নেওয়া হয়েছে। আমরা কলেজের জন্য অন্যভাবে সহযোগিতা করলেও মাটির ব্যাপারে কোনো কিছু করিনি।’
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘কলেজের জন্য প্রথম দিকে সামান্য মাটি কাটা হয়েছে। সে কারণে টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়নি। ঝুঁকিপূর্ণ হয়েছে সড়কের জন্য মাটি কাটার কারণে।’ জেলা প্রশাসক বলেন, সড়ক নির্মাণের সময় মাটি কাটায় টাওয়ারটি আগেও ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি নিয়ে ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদার সাইদুল হক টাওয়ারের চারদিকে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দেওয়ার কথা বলেছেন। বিদ্যুৎ বিভাগও বলেছে, টাওয়ারটি তারা নিচে নামাবে।