টিলা কাটা ও পুকুর ভরাট কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় টিলা কাটা ও পুকুর ভরাট কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। এর ফলে ওখানে টিলাও কাটা এবং পুকুর ভরাট কাজ করা যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
‘টিলা কেটে পুকুর ভরাট’ শিরোনামে ২ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, সিলেট শরতলির টিলাগড় এলাকার সবচেয়ে উঁচু ও বড় টিলাটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই টিলাটি কেটে ফেলেছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী রিটটি করেন। গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। শুনানি নিয়ে আদালত রুলও দেন।
রুলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় টিলা কাটা ও পুকুর ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই এলাকায় টিলা কাটা ও পুকুর ভরাট বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিটি করপোরেশন, জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২, পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে টিলা কাটা ও পুকুর ভরাট নিষিদ্ধ। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অনুসরণ না করে টিলা কাটছে ও পুকুর ভরাট করে চলেছে, যা বেআইনি।