টিলা কাটায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোরশেদ আলম বাদী হয়ে সখীপুর থানায় এ মামলাটি করেন। মামলায় উপজেলার কালিয়ান গ্রামের আজিজুল হককে (৫০) আসামি করা হয়। স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায়, দুই সপ্তাহ আগে কালিয়ান গ্রামে টিলা কাটার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গ্রামের আজিজুল হককে টিলা না কাটতে নোটিশ দেওয়া হয়। ভূমি কার্যালয়ের নোটিশ অমান্য করে আবারও টিলা কাটা শুরু করলে মামলাটি দায়ের করা হয়। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, অভিযুক্ত ব্যক্তি ভূমি আইন অমান্য করে উঁচু পাহাড় কাটছিলেন। ওই টিলার মালিক দাবিদার আজিজুল হক গত বৃহস্পতিবার বলেন, ‘মাটি বিক্রির উদ্দেশ্যে নয়, বাড়ি নির্মাণের জন্য ওই টিলার মাটি কেটে নিচু করছিলাম।’ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ গতকাল শুক্রবার জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে।