টিলা কাটায় ঝুঁকির মুখে তিনজনের বসতঘর
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড় ধামাই গ্রামে টিলা কাটায় এক মুক্তিযোদ্ধাসহ তিনজনের বসতঘর ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা ৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বড় ধামাই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের বাড়ির পূর্বের সীমানায় তাঁর সৎভাই ময়না মিয়ার বাড়ি। উত্তর সীমানায় ময়নার ভাই মাসুক উদ্দিন ও আসুক উদ্দিনের বাড়ি। ময়না প্রায় তিন মাস আগে তাঁর বাড়ির ১২ শতক জমির ওপর থাকা একটি টিলা কাটানোর কাজ শুরু করেন। একপর্যায়ে জমির, মাসুক ও আসুকের বাড়ির সীমানাঘেঁষে এ কাজ চলতে থাকে। এ সময় তাঁরা ময়নাকে বাধা দেন। কিন্তু এরপরও কাজ চালিয়ে যাওয়ায় তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান গিয়ে বাধা দিলেও ময়না টিলা কাটা বন্ধ করেননি।
জুড়ীর ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি জুড়ী থানার ওসিকে এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে বলেছেন।
জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।