টিলা কাটায় বেলার আইনি নোটিশ
সিলেট নগরের টিলাগড় এলাকায় ঐতিহ্যবাহী গোপালটিলা কাটার ঘটনায় সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। গতকাল বুধবার বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয়।
নোটিশে টিলা কাটার বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী পদক্ষেপ নিয়েছেন—এ বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদা আখতার জানান, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেলা জানায়, সরেজমিননে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। আইনি নোটিশে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের রায়নগর মৌজার গোপালটিলা প্রকাশ্যে কাটায় পরিবেশগত ক্ষতির পাশাপাশি পরিবেশ আইনের ওপর বিরূপ প্রভাব পড়েছে।
গোপালটিলায় সিটি করপোরেশনের বরাদ্দে একটি মন্দিরের উন্নয়নকাজের নামে টিলা কেটে সমান্তরাল করা হচ্ছিল। গত ১৪ এপ্রিল এ নিয়ে প্রথম আলোতে ‘টিলা কেটে উন্নয়নকাজ, হুমকির মুখে বসতি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।