টিলা কাটায় সাত লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বেআইনিভাবে টিলা কেটে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে এক চা-বাগান মালিককে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা প্রদানকারী লোহানী চা-বাগানের মালিক হচ্ছেন ওবায়েদ জায়গীরদার। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্রে পরিবেশ অধিদপ্তরের সরেজমিন তদন্তের ভিত্তিতে গতকাল বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ দণ্ড দেন। পরিবেশ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেট সদর উপজেলার দেবপুর মৌজায় ১০০ ফুট দীর্ঘ ও আট ফুট প্রস্থ এক টিলা কেটে সেখানে একটি বাংলো নির্মাণের উদ্যোগ নেন লোহানী চা-বাগান মালিক ওবায়েদ জায়গীরদার। নভেম্বর মাসের শেষে এ টিলা কাটা হয়। প্রথম আলোয় ২ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন সূত্রে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক দল পরিদর্শন করে টিলা কাটার সত্যতা পায়। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তর নোটিশ জারি করলে গতকাল চা-বাগান মালিকের পক্ষে মো. রেজাউল হাসান ঢাকায় উপস্থিত হয়ে বেআইনিভাবে টিলা কাটার দায়দায়িত্ব স্বীকার করেন।