টিলা কেটে ইউপি কার্যালয়

টিলার চারদিক ঘিরে শ্রমিক। একদল টিলার ওপরে উঠে শাবল-কোদাল দিয়ে মাটি কাটছে। নিচে থাকা আরেক দল মাটি নিয়ে ফেলছে পাশের নির্মাণাধীন একটি ভবনের মেঝেতে। এই ভবনটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুর রহমানের নির্দেশে এভাবেই চলছে টিলা কেটে কার্যালয়ের মাটি ভরাট। সিলেট-জকিগঞ্জ মহাসড়কের পাশে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং বাজারের পার্শ্ববর্তী এ টিলার নাম ‘পাখি টিলা’। একসময় পাখির আবাসস্থল ছিল। টিলার পাশে আমন ফসলি জমিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ শুরুর পর থেকে পাখি টিলা নিশ্চিহ্ন করার তৎপরতা শুরু হয়। জমি উঁচু করতে প্রায় ছয় মাস আগে এক দফা টিলা কাটার পর অবশিষ্ট ছিল শুধু ঢিবির মতো একটি অংশ। এক সপ্তাহ ধরে সেই অংশ কেটে সমান্তরাল করার কাজ চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, গোলাপগঞ্জ ইউপি কার্যালয় স্থাপনে মঞ্জুরাবাদ মৌজায় ৫২ শতক জায়গায় এলজিইডির ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ৯১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয় গত ২ মে। কমপ্লেক্সের অতিরিক্ত ভবনের ভিত্তি ও দেয়াল নির্মাণ সম্পন্ন হওয়ার পর মেঝেতে মাটির প্রয়োজন পড়ে। তাই পাখি টিলার অবশিষ্ট অংশ কাটার ব্যবস্থা করেন ইউপি চেয়ারম্যান।
প্রকল্প বাস্তবায়নকারী এলজিইডির সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া জানান, প্রথম ধাপে অতিরিক্ত ভবন নির্মাণকাজ চলছে। মূল ভবন হবে অতিরিক্ত ভবনের পাশেই। এ কাজে মাটির প্রয়োজন হওয়ায় মেঝেতে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত মাটি ফেলা হচ্ছে। টিলা কেটে মাটি ফেলা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাটির ব্যবস্থা করছেন ইউপি চেয়ারম্যান। মাটি ভরাটের এ কাজ প্রকল্পের বাইরে। এলজিইডি শুধু মাটি ফেলার কাজ তদারক করছে। মাটি কোথা থেকে আসছে—এ বিষয়ে আমাদের কোনো নজরদারি নেই।’
গত বুধবার সরেজমিনে গেলে টিলা কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, ইউপি চেয়ারম্যানের নির্দেশে তাঁরা টিলা কাটছেন। ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে টিলা কেটে মাটি সরকারি কাজে লাগানো হচ্ছে। অবশ্য এ ক্ষেত্রে কোনো অনুমোদন নেই বলে ইউপি চেয়ারম্যান স্বীকার করেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ইউপি কার্যালয় ভবনের নির্মাণকাজের শুরুতে টিলা কাটা এক দফা ঠেকানো হয়েছিল। তবে দ্বিতীয় দফায় টিলা কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।