টিলা কেটে ছড়া ভরাট বন্ধের পথে জুম চাষ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন বিভাগের জমির মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়া ভরাট করে ধানের চাষ করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে স্থানীয় তিন হাজার আদিবাসীর এক হাজার একর জমিতে জুম চাষ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছড়া থেকে পানি নিয়ে জমিতে সেচ দিতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক এই পানির উৎস ভরাট করে ধানের চাষ করায় আদিবাসীরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের প্রায় আট হাজার আদিবাসী স্থানীয় সমতল ও পাহাড়ি জমিতে জুম চাষ করেন। তাঁদের মধ্যে লম্বাঘোনা ও লতুরীখোলার তিন হাজার আদিবাসী স্থানীয় বন বিভাগের পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ছড়ার পানি চাষাবাদে ব্যবহার করেন। তিন কিলোমিটার দীর্ঘ ছড়াটির এক কিলোমিটার গত জুলাই মাসের শুরুর দিকে ভরাট শুরু হয়। পরের মাসে ধানের বীজ বপন করা হয়। গুরা মিয়া, আবদুস শুক্কুর, হাবিবুর রহমান, আবুল কালাম, নুরুল বশর, হাছন আলী ও মো. ইউনুছ ভরাট করা অংশে ধানের চাষ করেছেন। তাঁরা টিলার মাটি কেটে সেই মাটি দিয়ে ছড়াটি ভরাট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ছড়া ভরাট করার কথা স্বীকার করেছেন গুরা মিয়া, হাবিবুর রহমান, আবুল কালাম ও নুরুল বশর। তাঁরা বলেন, ‘আমরা বৈধভাবেই ধানের চাষ করেছি। তবে অন্য কৃষকের চাষাবাদে যাতে সমস্যা না হয়, সে জন্য পানি সরবরাহের জন্য ছোট নালা করে দেওয়া হবে।’আদিবাসী কৃষক আবদুল চাকমা, বাবুদং চাকমা, পোষাবো চাকমা, মং কিউ এ চাকমা, মোকতার আহমদ ও হাবিব উল্লাহ জানান, প্রতিবছর এই ছড়ার পানিতে গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফসলের জাগ দেওয়া হলেও এ বছর প্রভাবশালীরা তাতে বাধা দিয়েছেন। এ কারণে কয়েক শ কৃষক বিপাকে পড়েছেন।ছড়া ভরাট করে ধান চাষের বিষয়ে লম্বাঘোনা গ্রামের আবদুল চাকমা গত ১৮ আগস্ট টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রশাসন আজও ওই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, পাহাড়ি প্রাকৃতিক ছড়া থেকে হাওর, বিল ও নদীর সৃষ্টি হয়। ছড়া ভরাট করে ধানের চাষ করায় প্রাথমিকভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। একই সঙ্গে ছড়ার পাশের পাহাড়ি জমিতে জুম চাষ ব্যাহত হয়।বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ছড়া ভরাট করে ধান চাষ করার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর তাঁরা ছড়া ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।টেকনাফ থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ওই এলাকার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘এখনো ছড়া ভরাটের বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’