টিলা কেটে দোকান নির্মাণের অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড পর্যটন এলাকায় টিলা কেটে কয়েকটি দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতের প্রবেশপথের পাশে বন বিভাগের ইজারা দেওয়া উঁচু টিলা কেটে একটি পাকাভবন নির্মাণ করা হচ্ছে। এতে তিনটি কক্ষ রয়েছে। এগুলো দোকান হিসেবে ভাড়া দেওয়া হবে। এলাকাবাসী জানায়, দুই-তিন মাস আগে স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বড়লেখা পৌর শহরের হাটবন্দ এলাকার মুজিব মিয়া টিলা কেটে স্থাপনা নির্মাণ করছেন।বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম বলেন, ‘ঘটনাটি জানার পর স্থাপনা নির্মাণের কাজে বাধা দিয়েছিলাম। পরে কাজ বন্ধ না রাখায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।’ মুজিব মিয়া দাবি করে বলেন, মাধবকুণ্ড ইকোপার্কের পাশে তাঁর আট শতক টিলা ভূমি আছে। ওই ভূমিতে তিনি দোকান নির্মাণ করছেন। পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সর্দার শরীফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বুধবার সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি চলছে।