টিলা কেটে পাথর ভাঙার কল!

পাথর ভাঙার কল (স্টোন ক্রাশার মিল) বসাতে টিলার চূড়ার মাটি কেটে সমান করে ফেলেছেন পাথর ব্যবসায়ীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং সড়কের পাশের ওই টিলা ব্যক্তিমালিকানাধীন হওয়ায় পাথর ভাঙার অবৈধ কল বসাতে রাতারাতি যন্ত্র দিয়ে চূড়া কেটে ফেলা হয়। টিলা কাটা মাটি যত্রতত্র ফেলায় টিলার আশপাশের বসতি ঘরগুলো টিলাধসের হুমকির মুখে পড়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জৈন্তাপুর সদর ইউনিয়নের আসামপুর মৌজার ১৪৭ নম্বর দাগে পড়েছে টিলাটি।
টিলার চূড়ার ৩ দশমিক ৩৭ একর জায়গার মালিক আটজন। তাঁরা পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত। যৌথভাবে পাথর ভাঙার কল স্থাপন করতে টিলার চূড়া কেটে সমান্তরাল করছিলেন। এতে তাঁদের ব্যবসার পাশাপাশি টিলা শ্রেণীর জমির দাম বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য বলে স্থানীয় লোকজন জানান।
সরেজমিনে জানা গেছে, ১৭ অক্টোবর ঈদের ছুটির সময় টিলার মালিকেরা মাটি কাটার যন্ত্র (পেলোডার যন্ত্র) দিয়ে টিলা কাটা শুরু করেন। দুই দিনে টিলার চূড়ার প্রায় ১০ থেকে ১৫ ফুট উচ্চতার মাটি কেটে সমান্তরাল করা হয়। টিলার চূড়ায় পাথর ভাঙার কল স্থাপনের নামে পুরো টিলা কেটে সমান্তরাল করাই সংঘবদ্ধ ব্যবসায়ীদের উদ্দেশ্য বলে স্থানীয় লোকজন জানান।
টিলা থেকে কাটা মাটি আশপাশের বসতি এলাকার দিকে যত্রতত্র ফেলা হয়েছে। এসব মাটি পাশের একটি খাল ও টিলার চারদিকের ১৩টি বসতঘরের দিকে ফেলায় ঘরগুলোতে বসবাসও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে অবহিত হওয়ার পর উপজেলা প্রশাসন ২২ অক্টোবর টিলা কাটার সত্যতা পায়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘টিলা কাটা আইনত নিষিদ্ধ। পাথর ভাঙার কল বসানোও অবৈধ। একসঙ্গে দুটো অবৈধ কাজ হচ্ছে জেনে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি পরিদর্শক দল সরেজমিন পরিদর্শন করেছে। আমি নিজেও পরিদর্শন করে টিলা কাটা বন্ধ করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’
পরিদর্শনের বরাত দিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক দল সূত্র জানায়, আসামপাড়ার আবদুল জব্বার, আবদুস শুকুর, আবদুল মালেক, সোহেল আহমদ, জহির মিয়া, আবুল হাশেম, আকবর আলী ও আবু সুফিয়ান নামের আটজন পাথর ব্যবসায়ী টিলা শ্রেণীর জমির মালিকানা সূত্রে তা কাটা শুরু করেন। জমির মালিকেরা যৌথভাবে পাথর ভাঙার কল বসানোর উদ্যোগ নিয়েছিলেন। টিলার চূড়ার প্রায় তিন একর জায়গার মাটি কাটা হয়েছে। কাটা মাটি যত্রতত্র ফেলায় তিনটি বসতঘর মাটিচাপা পড়ার ঝুঁকিতে আছে।
পাথর ভাঙার কল স্থাপন করতেই টিলার চূড়ার সামান্য কিছু মাটি কেটে সমান্তরাল করা হয় বলে দাবি করেন টিলা মালিকদের পক্ষে আবদুল শুকুর। তবে টিলা কাটা ও পাথর ভাঙার কল বসানোর ক্ষেত্রে কোনো অনুমতি না নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।
গতকাল শনিবার যোগাযোগ করলে শুকুর বলেন, ‘টিলার ওপর একটি উঁচু ভিটায় মাটির ঘর ছিল। আমরা সেটি সরিয়ে উঁচু-নিচু মাটি সমান্তরাল করে টমটম মেশিন (পাথর ভাঙার কল) বসাতে চেয়েছিলাম। ব্যবসায় আমাদের প্রতিদ্বন্দ্বী কিছু লোক পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ভুল বুঝিয়ে অভিযোগ করছে।’
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (কারিগরি) মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, সরেজমিন পরিদর্শনে সত্যতা পাওয়ায় সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখাকে অবৈধ কল বসানো ও অবৈধভাবে টিলা কাটায় টিলার মালিক-পাথর ব্যবসায়ী ওই আটজনের বিরুদ্ধে সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখাকে লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।