টিলা কেটে পুকুর ভরাট

সিলেট শহরতলির টিলাগড় এলাকার সবচেয়ে উঁচু ও বড় টিলাটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ২০০৯ সাল থেকে টিলাটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বিরল প্রজাতির গাছের সংরক্ষণ টিলা’ হিসেবে ব্যবহার করে আসছিল৷ পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই মাটি কাটার যন্ত্র দিয়ে টিলাটি কেটে ফেলছে৷

টিলা কাটার মাটি ফেলা হচ্ছে ১০০ গজ দূরের একটি পুকুরে৷ টিলার মাটি দিয়ে পুকুরটিও ভরাটের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ৫০০ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের স্বার্থে টিলাটিকে কেটে সমান করা হচ্ছে। অপরদিকে পুকুরটিকে ‘ছোট জলাশয়’। কোনো কাজে না আসায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-প্রক্রিয়ার অংশ হিসেবে এটির আংশিক ভরাট করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ২০০৯ সালের ৭ জুলাই টিলাটিতে ‘এগ্রো ফরেস্ট জার্ম প্লাজম সেন্টার’ স্থাপন করা হয়। হামদর্দ ল্যাবরেটরির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের এগ্রো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগিতায় তখন ৩০০ বিরল প্রজাতির গাছের চারা রোপণ করা হয়৷ তবে ২০১০ সালের ৯ জানুয়ারি ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের সময় দুর্বৃত্তরা জার্ম প্লাজম সেন্টারে আগুন ধরিয়ে দেয়৷ সে সময় কিছু চারা ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃষি, জীববৈচিত্র্য, হাওর, ফসল ও মৎস্যসহ প্রাকৃতিক বন এবং পরিবেশ রক্ষার বিষয়ে পাঠদান দেওয়া হয়। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেনেশুনেই টিলা কেটে পুকুর ভরাটের মাধ্যমে পরিবেশ বিনষ্ট করায় মেতে উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা৷
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, মাটি কাটার একটি যন্ত্রের (এক্সকাভেটর) সাহায্যে উঁচু টিলাটির মাটি কেটে দুটি ট্রাকে ফেলা হচ্ছে। এরপর সেই মাটি টিলা থেকে ১০০ গজ দূরে একটি পুকুরে ফেলে সেটি ভরাট করা হচ্ছে। জন দশেক শ্রমিককে সেখানে কাজ করতে দেখা যায়৷ তাঁরা জানান, গত বুধবার থেকে টিলা কাটার কাজ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখা জানিয়েছে, ২০০৮ সালে টিলার স্থানে একটি ছাত্রাবাস নির্মাণের প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়। সম্প্রতি প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করা হয়। ১৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে টিলা কেটে সমান করে একটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হয়েছে। পাঁচতলার ৫০০ আসনবিশিষ্ট এ ছাত্রাবাসটির কাজ ২০১৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পাশের একাধিক বাসিন্দা জানান, টিলাটির উচ্চতা ৩৫ থেকে ৪০ ফুট হবে। বিশ্ববিদ্যালয় ও তার পাশের এলাকার মধ্যে অবস্থিত টিলাগুলোর মধ্যে এটি আকারে সবচেয়ে উঁচু এবং বড়। অন্য টিলাগুলো কেটে ধ্বংস করে ফেলা হলেও এ টিলাটি স্বমহিমায় এত দিন ধরে টিকে ছিল।

বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ তত্ত্বাবধানকারী পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক শরফুদ্দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন সুবিধা নিশ্চিত করতে টিলা কেটে পুকুর ভরাট করতে হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের অংশ হিসেবে টিলাটিকে ধ্বংস না করে কেবল সমান করা হচ্ছে। আর উচ্ছিষ্ট মাটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই পুকুরের কিছু অংশ ভরাট করা হচ্ছে। তিনি দাবি করেছেন, টিলাটির উচ্চতা ২০ থেকে ২৩ ফুট হবে। এটি এত বড় কোনো টিলা ছিল না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘টিলাটিকে কাটা হচ্ছে না, ছাত্রদের আবাসনের স্বার্থে কেবল সাইজ করা হচ্ছে। আর যেটিকে পুকুর বলা হচ্ছে সেটি আসলে পুকুর নয়। সেখানে একবার মাত্র মাছ চাষ হয়েছিল। কাজের স্বার্থে যদি এটিকে ভরাট করে সংস্কার করতে হয়, তাহলে তাই করা হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সবার মতামতের ভিত্তিতেই এমনটি করা হচ্ছে।’
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘টিলা কেটে পুকুর ভরাটের বিষয়টি আমাদের জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’