টিলা কেটে ফসলি জমি ভরাট
গাছের এচোঁড়গুলো (মুচি) বড় হয়ে কাঁঠালে পরিণত হয়নি। তার আগেই সারিবদ্ধ গাছগুলো কেটে ফেলা হয়েছে। কেটে সাফ করা হয়েছে বাঁশবাগান। টিলা কাটতে গিয়ে এ ধরনের অনেক ফলদ ও বনজ গাছ ধ্বংস করা হচ্ছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ধারণ গাজীপুর এলাকায় এক্সকেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে এই টিলা কেটে ফসলি জমি ভরাট করা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত রোববার বিকেলে টিলা কাটার কাজ বন্ধ করা হয়েছে। সহকারী ভূমি কর্মকর্তা কনককান্তি ধর এ ঘটনায় রোববার রাতে থানায় মামলা করেছেন।তবে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনকে হাত করে টিলা কেটে ধানিজমি ভরাট করা হয়েছে। আপাতত টিলা কাটা বন্ধ হলেও এক্সকেভেটর ও ট্রাকগুলো জব্দ করা হয়নি। সরেজমিনে রোববার দুপুরে ধারণ গাজীপুর এলাকা ঘুরে দেখা যায়, গ্রামের সোনাওর আলীর বাড়ির সামনের প্রায় ৬০ ফুট উঁচু টিলাটি যন্ত্র দিয়ে কেটে দুটি ট্রাকযোগে পাশের পাগলার সেতুসংলগ্ন ধানিজমি ভরাট করা হচ্ছে। গাজীপুর গ্রামের মিছবা আহমদ চৌধুরী বলেন, একই গ্রামের বদরুল ইসলাম চৌধুরী টিলার মাটি নিয়ে তাঁর খেতের জমি ভরাট করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সোনাওর আলী টিলা কেটে মাটি বিক্রি করছেন। বদরুল ইসলাম চৌধুরীর পরিবার প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। টিলার মাটি কাটার ঠিকাদার হীরা মিয়া বলেন, ‘প্রতিদিন আট হাজার টাকায় টিলার মাটি কাটার কাজ করছি।’ টিলা কাটা নিষিদ্ধ হলে যন্ত্র দিয়ে কাটছেন কেন, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘টিলা কাটলে অসুবিধা হবে না। থানা বন্ধ (হাত) করা হয়েছে, বলায় আমি টিলার মাটি কাটতে রাজি হয়েছি।’ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল গণি বলেন, থানাকে হাত করার বক্তব্য ঠিক নয়। টিল কাটা পরিবেশ অধিদপ্তরের বিষয়। পরিবেশ অধিদপ্তর থেকে ব্যবস্থা নেওয়ার প্রমাণপত্র ছাড়া কাউকে কিছু করা যায় না। কিন্তু ওই দপ্তর থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরিবেশবাদী আবদুল্লাহ আল-মামুন টিলা কাটায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় টিলা কেটে পবিবেশ ধ্বংস করা হলো।’ টিলার মালিক সোনাওর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। টিলার মাটি কেটে ফসলি জমি ভরাট করছেন মালিক বদরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বাড়ি করতে খেতের জমি ভরাট করতে হচ্ছে। এ ছাড়া উপায় নেই। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এক্সকেভেটর দিয়ে টিলা কাটা হচ্ছে, এটা আমার জানা ছিল না। যাঁরা টিলা কেটেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’