টিলা কেটে বাড়ি-দোকান নির্মাণ
কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর ও হ্নীলা ইউনিয়নে টিলার মাটি কেটে বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আসন্ন বর্ষায় ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছে এলাকাবাসী।সরেজমিনে দেখা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের বৈদ্যটিলা ও হ্নীলা ইউনিয়েনের পশ্চিম রোজার ঘোনা জামে মসজিদসংলগ্ন দুটি বড় টিলার মাটি কেটে উজাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। কিছু অসাধু ব্যবসায়ী টিলাকাটা মাটি ট্রাক, ট্রাক্টর ও ঠেলাগাড়িতে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। ইটভাটায় ইট তৈরি, রাস্তা, পুকুর ভরাটসহ নানা কাজে এই মাটি ব্যবহার করা হয়। টিলা কাটায় ওই এলাকায় বসবাসরত কয়েকটি পরিবারের বসতভিটা ও বাগান হুমকির মুখে পড়েছে। বাড়িগুলো সরিয়ে না নিলে আসন্ন বর্ষায় জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, টেকনাফ সদরের বশির আহমদ ও রুস্তম আলী এবং হ্নীলার ছৈয়দ উল্লাহ শ্রমিক নিয়োগ করে টিলা কবরস্থানে মাটি কেটে বিক্রয় করছেন। সেসব মাটি দিয়ে নির্মাণ করা হচ্ছে বাড়ি ও দোকানঘর। স্থানীয় দুই মসজিদের ইমাম মাওলানা হোসেন আহমদ ও মোহাম্মদ ইউছুফ বলেন, প্রতিদিনই টিলা কেটে বাইরে মাটি পাচার করা হচ্ছে। এ মাটির সঙ্গে কয়েকটি কবর কেটে নিয়ে গেছেন অসাধু ব্যবসায়ীরা। এ সময় কঙ্কাল ও মাথার খুলি দেখতে পায় স্থানীয় লোকজন।এ ব্যাপারে অভিযুক্ত বশির আহমদ, রুস্তম আলী ও ছৈয়দ উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এগুলো তাঁদের ব্যক্তিমালিকানাধীন টিলা। কবরস্থানে জায়গা না পেয়ে স্থানীয় লোকেরা টিলাকে কবরস্থান হিসেবে গড়ে তুলেছে। নিজেদের টিলা থেকে মাটি বিক্রয় করলে দোষ নেই বলে দাবি করেন তাঁরা।পরিবেশ অধিদপ্তরের কৃষি গবেষক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, প্রতিবছর বিভিন্ন স্থানের টিলাগুলো অপরিকল্পিতভাবে কাটার কারণে প্রতি বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড়ধস নামে। অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। সহকারী বন সংরক্ষক আবদুর রহমান বলেন, কিছু কিছু টিলা ব্যক্তিমালিকানা থাকতে পারে। কিন্ত এসব টিলার মাটি কাটতে হলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। টিলা-পাহাড় কাটা বেআইনি। জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, টিলা কাটা আইনবিরোধী কাজ। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।