টিলা কেটে মাটি বিক্রি
পাশাপাশি তিনটি টিলা। আশপাশে বসতি এলাকা। দুটোর অধিকাংশ কেটে সমতল করা হয়েছে। বাকি ছিল একটি। সেটিও কেটে মাটি বিক্রি করতে নিয়োগ করা হয়েছে ঠিকাদার। আট থেকে ১০ জনের মাটিকাটা শ্রমিক দিনে-রাতে পালা করে কাটছেন মাটি। টিলা কাটা মাটি তাৎক্ষণিক বিক্রিও করা হচ্ছে। সিলেট শহরতলির খাদিমনগর ইউনিয়নের বাহুবল আবাসিক এলাকার ‘গ্রিনল্যান্ড হাউজিং’ নামে আবাসন কোম্পানির বরাদ্দ করা প্লটে টিলা কাটা মাটি এভাবেই হস্তান্তর করছে।বাহুবল আবাসিক এলাকায় গত এক সপ্তাহে বিভিন্ন সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে, কখনো সকালবেলা আবার কখনো বিকেলে মাটি কাটা হচ্ছে। মাটি কাটার সময় আবাসন কোম্পানির প্রবেশমুখে পাহারাও রাখা হয়। পাহারাদারের মাধ্যমে ইঙ্গিত পেলেই মাটিকাটা শ্রমিকেরা টিলা কাটা রেখে আবাসন কোম্পানির বিভিন্ন প্লটে মাটি সমান্তরাল করার কাজে লেগে যান। ৪ ফেব্রুয়ারি বেলা তিনটায় আটজন শ্রমিককে পালা করে টিলার মাটি কাটতে দেখা গেছে। পাশ থেকে মাটিকাটা শ্রমিকদের কাজ তদারক করছিলেন ঠিকাদার। ৭ ফেব্রুয়ারি থেকে দিনে বন্ধ রেখে রাতে বিভিন্ন সময় টিলার মাটি কাটা হয় বলে এলাকাবাসী জানান। মাটির ক্রেতা সেজে সরেজমিনে ওই এলাকায় মাটিকাটা শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, টিলার মাটি অপেক্ষাকৃত ‘টান’ (শুকনো) থাকায় চড়া দামে তা বিক্রি হয়। আবাসন কোম্পানির প্লট ছাড়াও আশপাশ এলাকায় চার থেকে পাঁচ টাকা ফুট দরে ওই মাটি বিক্রি করা হয়। আবাসন কোম্পানির প্লটে টিলার মাটি নিতে হলে দিনের যেকোনো সময় দ্রুত কেটে দেওয়া হয়। এর বাইরে মাটি নিতে আগে দরদাম ঠিক করে টাকা অগ্রিম দেওয়া হলে রাতে ট্রাকযোগে সরবরাহ করা হয় মাটি। এভাবে এক মাস ধরে চলছে টিলা কাটা ও মাটি বিকিকিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল আবাসিক এলাকার মধ্যভাগে ৪৭টি প্লট নিয়ে গ্রিনল্যান্ড হাউজিং। সব প্লটই বিক্রি হয়েছে। প্রকল্পের মধবর্তী স্থানে ৪০ থেকে ৬০ ফুট উচ্চতার চারটি টিলা থাকায় প্রায় সাত থেকে আট একর আয়তনের কয়েকটি প্লট অবিক্রীত থাকায় গ্রিনল্যান্ড হাউজিং মাটি বিক্রির কৌশলে টিলা কাটতে ঠিকাদার নিয়োগ করে। টিলার মাটি কাটতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ঠিকাদার নিযুক্ত হয়েছেন বলে এলাকাবাসী জানান। টিলার মাটি কাটা ও ঠিকাদারের তদারকির বিষয়টি সরেজমিনে দেখে রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি টিলা কাটার সঙ্গে সংশ্লিষ্ট নন বলে দাবি করেন। তাহলে টিলা কাটার কাজ করছে কারা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যাঁরা প্লটের মালিক, তাঁরা কাটছে।’ আপনি জানলেন কেমন করে? এ প্রশ্নে রফিকুল বলেন, ‘কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। এরপর থেকে আমি টিলা কাটার সঙ্গে আর সম্পৃক্ত থাকার বিষয়টি এড়িয়ে চলি।’খাদিমনগরে গ্রিনল্যান্ড হাউজিং কার্যালয়ে গিয়ে জানা গেছে, প্রকল্পের মালিক আবাসন ব্যবসায়ী আনোয়ার খন্দকার। এ প্রকল্পের অধিকাংশ প্লট বরাদ্দ শেষ হওয়ায় কার্যালয়টি একই মালিকের অন্য প্রকল্পের অধীন এখন। এ জন্য টিলা কাটার দায় প্রকল্পের মধ্যে পড়ে না বলে কার্যালয়ে থাকা একজন কর্মকর্তা দাবি করেন। মুঠোফোনে যোগাযোগ করলে আনোয়ার খন্দকার ফোন রিসিভ করেননি। তবে গ্রিনল্যান্ড হাউজিংয়ের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান খান টিলা কাটার দায়দায়িত্ব তাঁদের আর নেই বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘টিলার মালিক হাউজিংয়ের থাকলেও এগুলো বোধ হয় প্লট মালিকেরাই কাটছেন।’ প্লট মালিকদের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কী বলব? আপনারাই খোঁজ নিয়ে জানেন।’সিলেট অঞ্চলের সব টিলা ও পাহাড় কাটার ওপর সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশনায় ছয় মাসের নিষেধাজ্ঞা জারির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘টিলা কাটলে স্বাভাবিকভাবে দায় তো সংশ্লিষ্ট ব্যক্তিরা নেয় না। এ জন্য পরিবেশ অধিদপ্তরের উচিত খোঁজখবর নিয়ে টিলা কাটার বিরুদ্ধে প্রচলিত পরিবেশ আইনসহ উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার আইনি ব্যবস্থা প্রয়োগ করা।’পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা তো আছেই, পরিবেশ আইনেই তো টিলা কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ব্যাপারে আমাদের এখানে একটি অভিযোগ এসেছে। আমরা সরেজমিনে খোঁজ নিচ্ছি। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’