সিলেটের খাদিমপাড়ার বাহুবল আবাসিক এলাকায় টিলা কেটে মাটি বিক্রি করার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরের উচ্চ ক্ষমতাসম্পন্ন এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিদর্শকদল সরেজমিনে গিয়ে টিলা কেটে নেওয়ার সত্যতা দেখে। তাৎক্ষণিক তিনি আবাসন কোম্পানি গ্রিনল্যান্ড হাউজিংয়ের কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার কামরুজ্জামান ওরফে আনোয়ার খন্দকারকে না পেয়ে ঢাকায় তলবের চিঠি দেন।এনফোর্সমেন্ট পরিচালক প্রথম আলোকে জানান, আবাসন কোম্পানির এমডিকে ২৬ ফেব্রুয়ারি ঢাকায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ভূমি কার্যালয়কে ওই আবাসন কোম্পানির পক্ষে কোনো জমির নামজারি, ব্যাংকঋণসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গ্রিনল্যান্ড হাউজিং কোম্পানি বাহুবল আবাসিক এলাকার সবচেয়ে বড় টিলা প্রায় এক বছর ধরে পর্যায়ক্রমে নানা কৌশলে কাটছে। এ নিয়ে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটো মামলাও হয়েছে। তবু টিলা কাটা বন্ধ হয়নি। সম্প্রতি আবাসন প্রকল্প এলাকার ৫০টি নতুন প্লটে মাটি ভরাটের নামে টিলার একাংশ কাটা চলছিল। দিনে ও রাতে নানা কৌশলে টিলা কেটে মাটি বিক্রির একটি সচিত্র প্রতিবেদন ১০ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক সরেজমিন পরিদর্শন করেন।গতকাল বেলা ১১টায় এনফোর্সমেন্ট পরিচালক বাহুবল আবাসিক এলাকায় যান। টিলা কাটা পরিদর্শন করে তিনি স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের মাধ্যমে টিলার উচ্চতা ও কাটা অংশের পরিমাপ নির্ণয় করেন। পরে খাদিমপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে আবাসন কোম্পানির সব নামজারি বন্ধ রাখার নির্দেশ দেন। পরে তিনি আবাসন কোম্পানির কার্যালয়ে যান। সেখানে কোম্পানির এমডি আনোয়ার খন্দকারকে না পেয়ে কর্তব্যরত প্রকৌশলী হাসান আহমদের কাছে এনফোর্সমেন্ট অভিযান-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে খন্দকার আনোয়ারকে ২৬ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়ে তলব করা হয়।পরিদর্শন শেষে এনফোর্সমেন্ট পরিচালক লেখেন, ‘সমতল ভূমি থেকে প্রায় ৭০ ফুট উঁচু ওই টিলার মাটি পর্যায়ক্রমে কেটে নেওয়া হয়েছে। এ নিয়ে দুটি মামলা হওয়ার পরও টিলা কাটা বন্ধ না হওয়ায় আবাসন কোম্পানির এমডিকে ঢাকায় তলব করা হলো।’গ্রিনল্যান্ড হাউজিংয়ের টিলা পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক একই ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর এলাকায় আরও দুটি কাটা টিলা পরিদর্শন করেন।