টিলা কেটে মাটি বিক্রি ঝুঁকিতে বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এতে বেশ কয়েকটি বসতঘর ধসে পড়ার ঝুঁকির মুখে পড়েছে।
গত ২৯ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, কালিনগরের বাসিন্দা কনই মিয়ার টিলার বেশ কিছু অংশের (আনুমানিক ১৬ শতক) কেটে ফেলা হয়েছে। এতে টিলার ওপর ও নিচের অংশের তিনটি বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ৬-এর খ উপধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন হলেও তা কাটতে পারবে না। এই বিধান লঙ্ঘন করে কনই মিয়া তাঁর টিলা থেকে মাটি কেটে বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কনই মিয়া দুই সপ্তাহ ধরে শ্রমিক নিয়োগ করে টিলা থেকে মাটি কাটছেন। প্রতিদিন চার-পাঁচটি ট্রাকে টিলার মাটি উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। প্রতি ট্রাক মাটি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় তাহের মিয়া ও তাঁর স্ত্রী রাবিয়া বেগম তাঁদের ঝুঁকিপূর্ণ বসতঘর দেখিয়ে বলেন, টিলা কাটার ফলে তাঁদের ঘরের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ধসে পড়ার আতঙ্কে রাতে তাঁরা অন্য বাড়িতে গিয়ে থাকেন।
কনই মিয়া জানান, নিচে ঘর নির্মাণের জন্য তিনি টিলার সামান্য অংশ কেটেছেন। তবে এখন আর টিলা কাটা হচ্ছে না। তবে স্থানীয় লোকজন জানান, গতকাল বৃহস্পতিবারও টিলা থেকে মাটি কাটা হয়েছে।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম জানান, টিলা কাটার খবর পেয়ে ২৬ অক্টোবর তিনি মুঠোফোনে বিষয়টি জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এ ছাড়া ২৪ অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়ও তিনি বিষয়টি তুলে প্রশাসনের কর্মকর্তাদের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি খালি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে তাঁরা ফিরে আসেন। এ ছাড়া টিলা কাটায় জড়িত কোনো লোককে তাঁরা পাননি।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার ইউএনও শামছুল ইসলাম বলেন, ‘সমন্বয় সভার পর টিলা কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার (জুড়ী) ওসিকে বলেছিলাম। পরে আর তিনি (ওসি) কিছু জানাননি। এ ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখব।’