টিলা কেটে মাটির ব্যবসা যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদরের উত্তর বালুচরে আদিবাসী ওঁরাও অধ্যুষিত এলাকার উত্তর বালুচরের চন্দনটিলার একাংশ কেটে চলছে মাটি-বাণিজ্য। মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাফেটেরিয়া ভবন’ নির্মাণে ব্যবহার করছেন টিলা কাটা মাটি।সরেজমিনে দেখা গেছে, চন্দনটিলার দুটো অংশের টিলা কাটা। পাশেই রয়েছে মাটি পরিবহনের ঠেলা। এলাকাবাসীসহ আদিবাসীরা জানান, প্রতিদিনই ঘুম থেকে উঠে টিলা কাটা দেখেন ও মাটি ফেলা রাস্তা দেখে দেখে তাঁরা শনাক্ত করেন কোন এলাকায় কাটা মাটি যায়। বুধবার চন্দনটিলায় গিয়ে টিলা কাটা রাস্তা দেখে দেখে এলাকাবাসীই শনাক্ত করেন—সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে টিলা কাটা মাটি।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ক্যাম্পাসের উত্তর-পশ্চিমে প্রায় ৪০ হাজার বর্গফুটজুড়ে ক্যাফেটেরিয়া হচ্ছে। পাঁচতলার ওই ভবন নির্মাণের পরিকল্পনায় প্রথম ভাগের প্রকল্পে প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে একতলা নির্মাণ শুরু হয় চলতি অর্থবছরে। গত নভেম্বর মাস থেকে ভবনের নির্মাণকাজ শুরু করতে মাটি ভরাট চলে। এ মাটির পুরোটাই টিলা কাটা মাটি। রাতে টিলা কাটার ঘটনা এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তুলনামূলক কম দাম হওয়ায় ঠিকাদার মাটি কেনেন। এ ক্ষেত্রে ঠেলাগাড়িপ্রতি মাটি ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়। টিলা কাটা মাটি ব্যবহার-প্রশ্নে যুবলীগের নেতা আসাদুজ্জামান বলেন, ‘এখানকার সব মাটিই লাল। দেখলে টিলা কাটা মাটি লাগলেও আসলে টিলা কাটা মাটি না।’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, ‘এগুলো টিলা কাটা মাটি কি না জানি না।’ বালুচর এলাকার কয়েকটি টিলা কাটা ও সেখান থেকে মাটি পরিবহন করার নমুনার কথা জানালে তিনি বলেন, ‘আমার জানামতে এ রকম হয়নি। তবু বিষয়টি আমি দেখব।’