টিলা কেটে মেলা!
আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠের একমাত্র টিলার একাংশ কেটে ফেলা হয়েছে। তবে মেলার অনুষ্ঠান ব্যবস্থাপনা (ইভেন্ট ম্যানেজমেন্ট) কর্তৃপক্ষের দাবি, টিলার একাংশ ঝুঁকিপূর্ণ থাকায় পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পর্যবেক্ষণের মধ্যে ড্রেসিং করে মাটি সমান্তরাল করা হয়েছে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্র জানায়, এ বছর সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠ আন্তর্জাতিক মেলার জন্য বেছে নেওয়া হয়েছে। মাঠকে মেলার উপযোগী করতে সপ্তাহখানেক ধরে কাজ করছে মেলার অনুষ্ঠান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ‘জেএস ট্রেড ইন্টারন্যাশনাল’। এলাকাবাসী জানান, শাহী ঈদগাহ মাঠের এক পাশে একটি উঁচু টিলা রয়েছে। মেলার মাঠ সমান্তরাল করার নামে ওই টিলার একাংশ ইতিমধ্যে কেটে ফেলেছে মাঠপর্যায়ে নিয়োজিত মেলার ব্যবস্থাপকেরা। প্রায় ২০ ফুট উঁচু ওই টিলার উত্তরের অংশ কাটা হয়েছে টিনের বেড়ার আড়ালে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে মেলার প্রধান ফটক তৈরির কাজ। এ কাজ শুরুর আগে টিলার উত্তর দিকের অন্তত ১০ হাত জায়গার মাটি কেটে সমান্তরাল করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।অভিযোগ প্রসঙ্গে জেএস ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষে সংস্কারকাজের দায়িত্বে থাকা আতিক উদ্দিন জানান, মাঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। মেলার সুবিধার্থে আয়োজকদের নির্দেশে মাঠের গর্ত ভরাটের জন্য টিলার নিচ থেকে কিছু মাটি নেওয়া হয়েছে। এ ছাড়া অন্য স্থান থেকে মাটি এনে মাঠ ভরাট করা হয়েছে। টিলাটি ঝুঁকিপূর্ণ থাকায় এ কাজ পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণের মধ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন। জেএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আবদুল গফ্ফার টিলা কাটার বিষয়টি এড়িয়ে বলেন, ‘মাঠকে বাণিজ্য মেলার উপযোগী করতে এসব করা হয়েছে। এ মাটি অন্য কোথাও বিক্রি হচ্ছে না, মাঠের কাজেই তো লাগানো হচ্ছে।’ মেলার আয়োজক সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা মেলার আয়োজক হলেও মেলার যাবতীয় কাজ তদারক করছে জেএস ট্রেড ইন্টারন্যাশনাল। টিলা কাটার অভিযোগ পেয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি এবং আমি সেখানে গিয়ে টিলা কাটার বিরুদ্ধে বলে এসেছি। এখন বিষয়টি পরিবেশ অধিদপ্তর নজরদারি করছে।’পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ পরিদর্শক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘তাঁদের পর্যবেক্ষণের মধ্যে ড্রেসিং করা হয়েছে বলে অনুষ্ঠান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে দাবি করেছে, তা ভিত্তিহীন। টিলা কাটার ব্যাপারে মাঠের কাজে থাকা শ্রমিক ও কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।’