টিলা কেটে স্থাপনা ও পানের বরজ নির্মাণ চলছেই!
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের টিলা কেটে অবৈধ স্থাপনা, ঘরবাড়ি ও পানের বরজ তৈরি করা হচ্ছে। প্রকাশ্যে পাহাড় কেটে এসব স্থাপনা করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন নীরব রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের পর থেকে টেকনাফে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ শুরু হয়। উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব বসতবাড়ি নির্মাণ করে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার টেকনাফ সদরের বৈদ্যরঘোনা, ধুমপেরাং, শিয়াল্যারঘোনা, বরইতলি, জাহাজপুরা, বড়ডেইল, চৌকিদারপাড়া, আছারবনিয়া, চাকমাপাড়া, হলবনিয়া; হ্নীলার দমদমিয়া, জাদিমুরা, রঙ্গিখালী, পশ্চিম সিকদারপাড়া, পানখালী; হোয়াইক্যংয়ের কানজরপাড়া, রক্ষ্যইম, লম্বাঘোনা, লাতুরীখোলা ও দৈঘ্যাকাটা এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ স্থাপনা করার পাশাপাশি পানের বরজ করার জন্য পাহাড়ের টিলা কাটছেন।হোয়াইক্যং ও বাহারছড়ার ইউপির সদস্য দীল মোহাম্মদ ও মোকতার হোসেন জানান, পাহাড়ের টিলা কাটা বন্ধের কথা বললেও প্রভাবশালীরা তা মানছেন না। নির্বিচারে পাহাড়ের টিলা কাটা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। জরুরি ভিত্তিতে টিলা কাটা বন্ধের দাবি জানান তাঁরা।তবে টিলা কাটার সঙ্গে জড়িত কয়েকজন দাবি করেন, পাহাড়ের টিলা কাটা হচ্ছে না। বর্ষা মৌসুমে ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে বসতি স্থাপন ও পানের বরজ করার জন্য উপযোগী করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি বনভূমি কেটে অবৈধভাবে বসতি স্থাপন ও পানের বরজ নির্মাণ করার জন্য জায়গা তৈরি করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ের টিলা কাটা বন্ধ রাখার জন্য কয়েকবার বলা হলেও তাঁরা মানছেন না। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেনি। এর আগেও পাহাড়ের টিলা কাটার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছিল। এখন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ ও হোয়াইক্যং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ইতিমধ্যে পাহাড় কেটে পানের বরজ তৈরির অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম বলেন, ‘পাহাড় কেটে বসতি স্থাপন ও পানের বরজ করার খবর পেয়েছি। টিলা কাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাহাড়ের টিলা কেটে স্থাপনা ও পানের বরজ করার কোনো নিয়ম নেই। তাই সব টিলা কাটা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’