টিলা কেটে সড়কের মাটি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া নোয়াপাড়া এলাকায় খননযন্ত্র দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া নোয়াপাড়া এলাকায় খননযন্ত্র দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনার মধ্যেই এবার খাগড়াছড়ির দীঘিনালায় প্রকাশ্যে টিলা কাটার খবর পাওয়া গেছে। দীঘিনালার বাঘাইছড়িমুখ এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে নির্মাণাধীন সড়কের মাটি ভরাট করা হচ্ছে ১৫ ফুট উঁচু টিলা কেটে। তবে এ ব্যাপারে উপজেলা সওজের কর্মকর্তারা কিছুই জানেন না বলে দাবি করেছেন। পাশাপাশি টিলা কাটার দায়ও নিতে চাননি তাঁরা।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে বাঘাইছড়িমুখ এলাকায় গিয়ে দেখা যায়, বাঘাইছড়িমুখ বেইলি সেতুর পূর্ব পাশে বিকল্প সড়ক তৈরির কাজ চলছে। সড়ক ভরাটের জন্য ছয়টি ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করা হচ্ছে। ট্রাক্টরগুলো অনুসরণ করে কিছু দূর গিয়ে দেখা যায়, ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার রাস্তার পাশে একটি টিলা থেকে খননযন্ত্র (এস্কেভেটর) দিয়ে মাটি কেটে ট্রাক্টরে ওঠানো হচ্ছে।
খননযন্ত্রের চালক মো. হাবিবুর রহমান জানান, মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঘাইছড়িমুখ খালের বেইলি সেতুটির কাজ পেয়েছে। এ জন্য সেতুর পাশে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে। সেখানে মাটির প্রয়োজন তাই বিবর্তন চাকমা নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁর মালিকানাধীন টিলাটি নেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মাটি কাটার কাজ শুরু করা হয়েছে।
জানতে চাইলে সেতুর নির্মাণ ও বিকল্প সড়ক তদারকির দায়িত্বে থাকা জাকির এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বিকল্প সড়ক তৈরির কাজ করা হচ্ছে। সড়ক তৈরির জন্য মাটির প্রয়োজন তাই রাস্তার পাশে টিলা কেটে মাটি আনার ব্যবস্থা করা হয়েছে। এটি ব্যক্তিমালিকানাধীন টিলা।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস শহিদের কাছে পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকল্প সড়ক তৈরির জন্য মাটি কোথা থেকে আনা হবে, সেটা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়। এখানে সওজের কোনো দায়-দায়িত্ব নেই। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে টিলা বা পাহাড় কাটতে বলিনি। তবুও এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, ‘কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে পরিবেশগত প্রভাব নিরূপণ করতে হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তা করা হয় না। পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না। সম্প্রতি রাঙামাটিতে এত বড় ট্র্যাজেডির পরও আমাদের শিক্ষা হয়নি।’
এ ব্যাপারে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, টিলাটি ব্যক্তিমালিকানাধীন। তবে যেকোনো ধরনের পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ। সওজের উপবিভাগীয় প্রকৌশলীকে টিলা কাটা বন্ধ করতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।