টিলা কেটে 'ঝুঁকি' এড়ানোর উদ্যোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের এক পাশে কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি উঁচু টিলা। একসময় দুর্বৃত্তরা অবাধে মাটি কেটে নেয় ওই টিলা থেকে। এতে এটি ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে ওঠে।
টিলাটির নিচে খেলাধুলা করে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে টিলার নিচে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের অংশ হিসেবে টিলাটি ঢাল আকৃতির করতে এটির মাটি কাটা চলছে। কেটে নেওয়া মাটি দিয়ে ভরাট করা হচ্ছে উপজেলা পরিষদ চত্বরের নিচু মাঠ।
সরেজমিনে গত বৃহস্পতিবার বিকেলে দেখা গেছে, চার-পাঁচজন শ্রমিক কোদাল-খুন্তি দিয়ে টিলার মাটি কাটছেন। নিচে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাক্টরে মাটি বোঝাই করা হচ্ছে। গত ২৬ সেপ্টেম্বর দুপুরেও একই দৃশ্য দেখা যায়।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মাটি না কেটেও প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা যেত। টিলাটি কাটার কারণে ঝুঁকি আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম দ্বিমত পোষণ করে বলেন, ‘টিলাটি এত দিন খাঁড়া থাকায় ঝুঁকি বেশি ছিল।’ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম বলেন, ‘মাটি এলোপাতাড়ি কাটলে সমস্যা দেখা দিতে পারে। কাজটি সতর্কতার সঙ্গে তদারক করা দরকার।’