টিলাখেকো ঘরের সন্ধানে পরিবেশ অধিদপ্তর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের তিনটি টিলা কেটে বসতঘর নির্মাণের অনুসন্ধানে নেমেছে পরিবেশ অধিদপ্তর।
২৪ মে প্রথম আলোয় ‘সিলেটে টিলাখেকো ঘর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর গত বুধ ও বৃহস্পতিবার ওই এলাকায় ঘর অনুসন্ধান করেছে পরিবেশ অধিদপ্তরের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দুই দিনের পর্যবেক্ষণে টিলা কেটে নির্মিত ঘরগুলোর একটি তালিকা করা হচ্ছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পাওয়া গেছে, যেটির মাধ্যমে টিলা কেটে একাধিক ঘর নির্মাণ করা হয়েছে। সরেজমিনে আরও খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিলা কেটে একাধিক ঘর নির্মাণকারী এই প্রতিষ্ঠান হচ্ছে ‘শাহ ওলী উল্লাহ ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজ মো. রইছ উদ্দিন বৃহস্পতিবার রাতে প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে জানান, তাঁরা টিলার কিছু অংশ কেটে যে ঘর নির্মাণ করেছেন, সেটিতে এতিমখানা করা হয়েছে। এই এতিমখানায় ১৬০ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রাস্তা ও নালা করার জন্য ‘জনস্বার্থে’ টিলা কাটা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শনের পর মো. রইছ উদ্দিন বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছেন। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে যেটুকু টিলা কাটা হয়েছে, সেটুকুর জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘আইন না জানার কারণে এ রকম হয়েছে। আর হবে না।’