টিলাগুলো কাটা হচ্ছে ভোরে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিলা কেটে সমতলভূমি করে ফেলা হচ্ছে। ভোরে লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা টিলা কাটে। পরিবেশবাদীরা বলছেন, টিলা কাটার ফলে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়ছে। যেকোনো সময় প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, পুরানগাঁওয়ের আত্তি (হাতি) টিলার মাটি কাটা বন্ধ আছে। কিন্তু এর পাশের নামহীন একটি টিলা থেকে মাটি কাটা হচ্ছে। এ ছাড়াও ধারণ মীর্জাপুরের উঁচা টিলা, মাইজগাঁও রেলস্টেশন টিলা, মাইজগাঁওয়ের কুটিমিয়ার টিলা, মোগলপুরের মুছাখাঁর টিলা, ফেঞ্চুগঞ্জ সার কারখানার জাপানি টিলাসহ মোট ছয়টি টিলার মাটি কেটে মজাপুকুর ও কৃষি জমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফেঞ্চুগঞ্জের বিভিন্ন টিলা কেটে ট্রাক, ট্রলি, ঠেলাগাড়িতে করে মাটি নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার সময় দেখা যায়, আত্তি টিলার পাশের একটি টিলার মাটি কেটে বিয়ালীবাজারের পাশের কৃষিজমি ভরাট করা হচ্ছে। উপজেলা বিএনপির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী কাজটি করাচ্ছেন বলে জানা গেছে। বিয়ালীবাজার এলাকার সালাম মিয়া বলেন, ‘চখুর সামনে আইজ অতদিন ধরিয়া টিল্লা কাটিয়া জমিন ভরা অর ইতা সরকারি মাইনষে দেখইননানি?’ একই এলাকার তাহির আলী বলেন, ‘তিনি (ছালেহ আহমদ চৌধুরী) কৃষিজমির শ্রেণী পরিবর্তন না করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কৃষি জমির শ্রেণী পরিবর্তন করতে হলে ভূমি কার্যালয়ে আবেদন করে জমির শ্রেণী পরিবর্তন করতে হয়। কিন্তু তিনি তা করেননি। টিলা ধ্বংস করে খেতের জমি ভরাট করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ প্রসঙ্গে ছালেহ আহমদ চৌধুরী বলেন, ‘মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। কৃষিজমির শ্রেণী পরিবর্তন এখনো করিনি। কারখানা চালু হলে সঙ্গে সঙ্গে শ্রেণী পরিবর্তন করে নেব।’ মাইজগাঁও এলাকার ফয়জুল ইসলাম বলেন, ‘চোখের সামনে এলাকার বড় টিলাগুলো দুর্বৃত্তরা বিলীন করে দিচ্ছে। অথচ প্রশাসন কার্যকর কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। হয়তো এমন দিন আসবে, এলাকায় কোনো টিলার অস্তিত্ব থাকবে না।’ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান দাবি করেন, টিলা কাটার খবর পেলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সঙ্গে সঙ্গে আমরা আইনি ব্যবস্থা নিয়ে থাকি। ইতিমধ্যে টিলা কাটার কারণে একাধিক মামলা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, টিলা, পাহাড়বেষ্টিত সিলেট অঞ্চলের টিলা ও পাহাড় দুর্বৃত্তরা ধ্বংস করে ফেলছে। টিলাগুলো কেটে ফেলায় প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়ছে। এতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে।’ ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল গণি বলেন, ‘টিলা কাটলে পরিবেশের ক্ষতি হয়, এটা জানি। যারা টিলা কাটে, তাদের বিরুদ্ধে আমরা সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারি না। এটা পরিবেশ অধিদপ্তরের কাজ। তারা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা দিই।’পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এস এম ফজলুল করিম বলেন, ‘পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা সেটা করে না। পরিবেশ অধিদপ্তরের ওপর চাপিয়ে দেয়। পরিবেশ অধিদপ্তর শুধু তদন্ত করে।’