টিলাগড়ে গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের টিলাগড়ে হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গিদের গ্রেনেড হামলা মামলার অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেনের আদালতে মামলার প্রধান আসামি শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠিত হয়।অভিযোগ গঠনকালে মুফতি হান্নান কাঠগড়ায় দাঁড়িয়ে মামলা পুনরায় তদন্তের দাবি জানান। আদালত আগামী ২৩ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২ ডিসেম্বর রাত আটটায় সিলেট নগরের টিলাগড় এলাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে গ্রেনেড ছোড়া হয়। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন। ছোড়া গ্রেনেডটি অবিস্ফোরিত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সিলেট কোতোয়ালি থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মজিদ বাদী হয়ে পরদিন এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় মেয়র কামরানকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয় বলে উল্লেখ করা হলেও গ্রেনেড ছুড়েছে কারা, সে বিষয়টি অনুদ্ঘাটিত থাকে।হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সিলেটে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুলকে। আদালতে বিপুল সিলেটে সব গ্রেনেড হামলার দায় স্বীকার করলে টিলাগড়ে গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম বিপুল, মুফতি হান্নানের ভাই মফিজুল ইসলাম ওরফে মফিজ ওরফে অভি, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ ও দেলোয়ার হোসেন রিপনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনকালে আদালত আসামিদের বক্তব্য জানতে চান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মুফতি হান্নান তাঁদের নির্দোষ দাবি করেন। মুফতি হান্নান আদালতকে বলেন, ‘মামলাটি পুনরায় তদন্ত করার ব্যবস্থা করুন। পুনরায় তদন্ত হলে চারদলীয় জোট সরকারের প্রভাবশালী অনেকের নাম আসবে।’রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বিপ্লব কান্তি দে জানান, আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত আসামিপক্ষের বক্তব্য জানতে চাইলে মুফতি হান্নান এই বক্তব্য দেন।