টিলাচূড়ায় শুয়ে আছেন নারী মুক্তিযোদ্ধারা

টিলাভূমির তিন দিকে চা-বাগান। প্রায় ৬০ ফুট উঁচু টিলার চূড়ায় লাল ও কালো স্মারকস্তম্ভ। সিলেট শহরতলির বড়শালা এলাকায় সিলেট ক্যাডেট কলেজের ভেতরে এ স্মারকস্তম্ভটি একটি বধ্যভূমির। সেখানে রয়েছে বহু নারী মুক্তিযোদ্ধার কবর।
টিলাভূমির প্রায় ১১ দশমিক ৪৮ শতক জায়গায় রয়েছে গণকবর। সিলেট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ২০০৭ সালে পুরো জায়গাটি চিহ্নিত করে। পরে কলেজ কর্তৃপক্ষ স্মারকস্তম্ভ নির্মাণ করে। রায়েরবাজার বধ্যভূমির আদলে ২০১৩ সালের ১৮ অক্টোবর প্রথম দফা কাজ করা হয়। পরের বছর ২৩ নভেম্বর প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে বিজয় দিবস থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করে।
গত রোববার দুপুরে দেখা যায়, কলেজ থেকে টিলাভূমির দিকে সরাসরি পাকা রাস্তা। প্রায় আধা কিলোমিটার হাঁটার পর টিলার চূড়ায় স্মারকস্তম্ভ। সেখানে অসংখ্য কবর। এর মধ্যে মাত্র একটি কবরে একজন শহীদের নামফলক পাওয়া গেছে। তাতে লেখা ‘শহীদ নুরুল হক খান, শহীদ নম্বর ১০১২৮।’ সিলেটের ওসমানপুরের সিরাজপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি শহীদ হন।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ বলেন, ক্যাডেট কলেজের বধ্যভূমির অধিকাংশ নারী মুক্তিযোদ্ধার কবর রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাক্যাম্পে নির্যাতনে যেসব নারীর মৃত্যু হয়, তাঁদের এখানে কবর দেওয়া হয়। তিনি বলেন, ‘সিলেটে অনেক গণকবর, বধ্যভূমি রক্ষা যেখানে সম্ভব হচ্ছে না, সেখানে একটি বধ্যভূমির এমন সুরক্ষা সত্যিই আমাদের জন্য প্রেরণার।’
কলেজের অ্যাডজুট্যান্ট মেজর কাওসার বিন আমিন বলেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ করা হয়। এটি সংরক্ষিত এলাকা হলেও তখন জনসাধারণের যাতায়াতও শিথিল করে দেওয়া হয়।