টিলাধসে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর সংগ্রহকালে ধসে শ্রমিক হতাহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। গতকাল বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

শাহ আরেফিন টিলায় গর্ত করে পাথর সংগ্রহ করার সময় গত সোমবার সকাল ছয়টার দিকে একটি অংশ ধসে পড়ে। এতে ছয়জন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করে। একজন শ্রমিক গতকাল পর্যন্ত নিখোঁজ ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত পাঁচ শ্রমিকের মধ্যে আবদুল কুদ্দুসের (২৫) বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে এবং খোকন মিয়ার (৩৫) বাড়ি জারিয়া গ্রামে। বাকি তিন শ্রমিক আবদুল কাদির, আবদুল হাদি ও জহির উদ্দিনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। এই তিনজনের লাশ গতকাল দাফন করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে। অন্য লাশ তোলার ব্যবস্থা নিতে নেত্রকোনা পুলিশকে জরুরি চিঠি দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানায় গতকাল করা হত্যা মামলায় টিলা কাটার শ্রমিক নিযুক্তকারী হিসেবে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনজু মিয়া, তাঁর ভাই আয়ূব আলী, পাথর ব্যবসায়ী সোহরাব আলী এবং শ্রমিক সরদার জাহাঙ্গীর মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।

মামলায় কারও নাম বাদ পড়েছে কি না, এ প্রশ্নের জবাবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, কেউ বাদ পড়বে না। তদন্তের পর আরও আসামি অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে তা করা হবে।

এদিকে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টিলা এলাকায় বিশেষ পাহারা

শাহ আরেফিন টিলা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গতকাল সকাল থেকে বিশেষ পাহারা বসানো হয়েছে। বিকেল পর্যন্ত এ পাহারা চলাকালে টিলা এলাকা থেকে দুটি বোমা মেশিন (অবৈধ পাথর তোলার যন্ত্র) ও ছয়টি শ্যালো মেশিন জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াতে গতকাল বিকেলে টিলা এলাকার ১৫০ জন শ্রমিককে নিয়ে সভা করা হয়েছে। এ রকম সভা অব্যাহত রেখে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ না করতে সচেতন করার চেষ্টা করা হবে।