টিলাবেষ্টিত এলাকায় ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের আশিঘর এলাকার টিলাবেষ্টিত সমতলভূমিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা হয়েছে। পার্শ্ববর্তী টিলাগুলোর গাছ দিয়ে পোড়ানো হচ্ছে ইটভাটার ইট।দুই দশক ধরে চিমনিহীন ইটভাটায় ইট পুড়িয়ে বাণিজ্যিকভাবে ইট বিক্রি করছেন ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর গ্রামের লেছু মিয়া। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে ইট পুড়িয়ে বিক্রি করছেন তিনি।সরেজমিনে গত শুক্রবার বিকেলে ঘুরে দেখা যায়, টিলাবেষ্টিত নির্জন এলাকায় লেছু মিয়া ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। প্রায় দুই একর এলাকাজুড়ে বিস্তৃত তাঁর এই ইটভাটাটি। এর আগে সমতলের জমি খনন করে সে মাটি দিয়ে ইট তৈরি করার কারণে ভাটার পশ্চিম দিকের বিরাট এলাকাজুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। এখন ভাটার পূর্ব দিকের টিলা কেটে সে মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে লেছু মিয়ার ইটভাটার শ্রমিকেরা বিভিন্ন ধাপে টিলার মাটি কেটে নিয়েছেন। সারা দিন চলে ইট তৈরির কাজ, পোড়ানো হয় রাতে। ইটের পর ইট সাজিয়ে চৌকোণ আকৃতির প্রায় ২০ ফুট উঁচু একটি চুল্লি বানানো হয়েছে। টিলার মাটি কেটে ও জমি গর্ত করে খনন করা মাটির স্তূপ থেকে কাঁচা ইট বানিয়ে সারি সারি করে রাখা হয়েছে। বৃষ্টিতে ইটগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কাঁচা ইটগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর পাশেই জ্বালানির জন্য মজুদ করা হয়েছে গাছ, কাঠ ও গাছের শিকড়।ভাটায় কর্মরত শ্রমিকেরা জানান, দিনে আশপাশের টিলা থেকে কাঠ সংগ্রহ করে রাতে ইট পোড়ানোর কাজ চলে। ইটভাটায় কর্মরত শ্রমিক ও কারিগরেরা জানান, ১৭ জানুয়ারি পর্যন্ত এ ইটভাটায় এক লাখ ৪৫ হাজার ইট পোড়ানো হয়েছে। লেছু মিয়ার ভাটায় তৈরি ইটে এমএলএম লেখা থাকে।আশিঘর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘লেছু মিয়া আইজ ২২ বছর ধরি সরকারি অনুমতি ছাড়া বনর মাঝে ইট পুড়াইয়া বেছরা, এলাকার হখলেও জানইন ডরাইয়া কেউ মাতইননা। এর মাঝে তার বনির জামাই এলাকার মেম্বার পুলিশর লগে খুব খাতির। তারার বিরুদ্ধে মাতিয়া বিপদ ডাকিয়া আনতামনি?’ পরিবেশবাদী মামুনুর রহমান বলেন, টিলার মাটি কেটে ইট তৈরি এবং আশপাশের টিলার গাছপালা কেটে ইট পোড়ানোর কাজে ব্যবহার করায় একদিকে বৃক্ষ নিধন করা হচ্ছে, অপরদিকে টিলা কাটায় ভূমিধসেরও ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত ইটভাটার মালিক মো. লেছু মিয়া বলেন, ইট পোড়ানোর জন্য কারও কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেইনি। তবে কম মূল্যে এলাকার লোকজনকে ইট দিচ্ছি এতে লোকজন উপকৃত হচ্ছে। ২২ বছর নয়, মাত্র সাত বছর ধরে ইটভাটায় ইট পোড়াচ্ছি। তবে টিলা কেটে ইট তৈরির কথা তিনি অস্বীকার করেন।ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল গনি বলেন, ‘এসব অনিয়মের বিরুদ্ধে কেবল পরিবেশ অধিদপ্তরই সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের কাছে তারা কোনো সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা প্রদান করি।’