সিলেটের খাদিমপাড়ায় ছনকলা টিলার চূড়ায় মাটি কেটে ক্ষতি করার দায়ে এর মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। টিলার মালিক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ক্ষতিপূরণ বাবদ তাঁর কাছ থেকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিলার মালিক চা-ব্যবসায়ী রোকনউদ্দিন খানকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার পরিবেশ অধিদপ্তরে তলব করে জরিমানা আদায় করা হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর উপস্থিতিতে টিলার মালিক ব্যাংক ড্রাফটের মাধ্যমে জরিমানার টাকা গতকালই পরিশোধ করেন।পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খাদিমনগরের ছনকলা টিলা কাটার ঘটনার খবর প্রথম আলোয় প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে অধিদপ্তর কর্তনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।গত ২২ আগস্ট প্রথম আলোয় ‘ধ্বংসের ঝুঁকিতে আরেক টিলা’ শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সিলেট পরিবেশ অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিস থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে দেখা যায়, প্রায় ২০০ ফুট উচ্চতাবিশিষ্ট টিলার শীর্ষদেশের ১৫-২০ ফুট মাটি কাটা হয়েছে। ১০ একর আয়তনের টিলাটি থেকে প্রায় পাঁচ-ছয় একর স্থানের মাটি কেটে ফেলায় ওই স্থানের ছড়াটি মাটি ধসে ভরে যায় এবং এটি প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়ে। অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালিক রোকনউদ্দিন খান তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আর কখনো পাহাড় কাটবেন না বলে প্রতিজ্ঞা করেন।