টিলামালিকের ১৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির দক্ষিণ ইসলামপুরের বৃন্দারটিলা কাটা হচ্ছিল সুড়ঙ্গ করে। প্রায় ১৪০ ফুট উচ্চতার ওই টিলার অধিকাংশই সুড়ঙ্গ দিয়ে ধ্বংসের মুখে পড়ে। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে টিলা কাটার এ কৌশল ধরা পড়ায় টিলামালিককে তলব করা হয়েছিল ঢাকায়। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বৃন্দারটিলা কাটার ঘটনা প্রমাণিত হওয়ায় টিলামালিক রতন মোহন্তকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাটা টিলা আগামী এক মাসের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী এ নির্দেশনা দেন।পরিবেশ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেট সদর উপজেলার দেবপুর মৌজায় বৃন্দারটিলা ১৪০ ফুট উচ্চতা ছিল। টিলা কাটার অপরাধে মালিক পক্ষের একজন রতন মণি মোহন্তকে গতকাল ঢাকায় তলব করা হয়। রতন মণি মোহন্ত শুনানিতে উপস্থিত হয়ে জানান, তিনি সিলেট জজ আদালতের কমিশন হিসেবে কাজ করেন। টিলা কাটার অপরাধ অকপটে স্বীকার করে তিনি জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, সে বিষয়ে অনুনয়-বিনয় করেন। তিনি জরিমানার প্রথম কিস্তির বাবদ ১০ লাখ টাকা গতকালই পরিশোধ করেন এবং অবশিষ্ট টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবেন বলে লিখিত অঙ্গীকার করেন।