টিলার ঢালে ঝুঁকির বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ের দুটি টিলায় এভাবে খুপরিঘর বানিয়ে চলছে পাথরশ্রমিকদের ঝুঁকিপূর্ণ বসবাস। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সিলেটের জাফলংয়ের দুটি টিলায় এভাবে খুপরিঘর বানিয়ে চলছে পাথরশ্রমিকদের ঝুঁকিপূর্ণ বসবাস। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

টিলার নিচ থেকে চূড়া পর্যন্ত একের পর এক ঘর। যেন টিলা বেয়ে উপরে উঠছে ঘরের সারি! একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে তৈরি। নামমাত্র ভাড়া। একেকটি ঘরের মাসিক ভাড়া ১৫০ থেকে ৫০০ টাকা। খুপরির মতো এসব ঘরে থাকেন পাথরশ্রমিকেরা। কম টাকায় শ্রমজীবী মানুষের বসতির চাহিদা পূরণ করলেও এ ঘরগুলো ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। টিলাধসের ঘটনা ঘটলে খুপরিগুলো মাটিচাপা পড়বে।

টিলার ঢালে খুপরিঘরে ঝুঁকিপূর্ণ বসবাসের এই চিত্র সিলেটের পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকার দুটি টিলায়। ব্যক্তিমালিকানাধীন টিলা দুটির একটি ‘বাবুলের জুম’ নামে পরিচিত। অন্যটি আবদুল মুকিত নামের এক ব্যক্তির। জাফলং পাথর কোয়ারি ও পর্যটন কেন্দ্রের মধ্যবর্তী এলাকা বল্লাঘাটে এভাবে খুপরি ঘর বানানোর পেছনের কারণ হচ্ছে জায়গা দখলে রাখা। বসবাসকারীরা জানিয়েছেন, তাঁরা মাসিক ভাড়া নিয়ে ঘরে বসবাস করছেন। ভাড়া আদায় ও তদারক করেন টিলার মালিকের নিয়োজিত ব্যক্তিরা।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দুই টিলায় ছোট-বড় মিলিয়ে চার শতাধিক ঘর আছে। টিন থেকে শুরু করে পলিথিনের ছাউনি দেওয়া খুপরিও আছে সেখানে। কোনোটি আবার তাঁবুর মতো। টিলার ঢাল থেকে সমতলভূমিতে দেখা গেছে, চারটি পাথর ভাঙার কল (স্টোন ক্রাশার মিল)। কলগুলোও যত্রতত্র। বসবাসের ঘরগুলোতে শ্রমিক পরিবারের নারী-শিশুসহ চার থেকে ছয়জন পর্যন্ত থাকেন। আবার কোনোটিতে গাদাগাদি করে আছেন ৪ থেকে ১০ জন শ্রমিক। সিলেটের বাইরের জেলা থেকে পাথর কোয়ারিতে কাজ করতে আসা শ্রমিকেরা এসব খুপরিতে বাধ্য হয়ে থাকছেন।

জাফলংয়ের ডাউকি নদী থেকে টিলার দিকে উঠতে এক ঢালে পাশাপাশি ২৭টি ঘর পাওয়া গেল। এর মধ্যে একটি ঘরের এক কোণে বড় গর্ত। পাশে চুলা বানিয়ে রাতের জন্য রান্না করছিলেন পাথরশ্রমিক রতন মিয়া। বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। স্ত্রী ও কিশোর দুই ছেলেকে নিয়ে পিয়াইন নদে বালু পরিবহনের বারকি নৌকা চালান। জানালেন, বাড়ি থেকে যাতায়াত করে মজুরির প্রায় অর্ধেক টাকা চলে যাবে। তাই কষ্ট করে পরিবার নিয়ে এখানে আছেন। ঘর ভাড়া ২০০ টাকা। সেই টাকা মাস শেষে নয়, মাসের শুরুতেই পরিশোধ করতে হয়। টিলার ঢালে ঘর, বৃষ্টি হলে ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়ে রতনের প্রশ্ন, ‘আমরা তো মাটি কামড়াইয়া আছি! থাকতাম আর কই?’

ঘরগুলোর ভাড়ার টাকা আদায়কারীদের ‘ঘরের মালিক’ হিসেবে জানেন বসবাসকারীরা। টিলা এলাকায় ঘোরার সময় কথা হয় আবদুল মতিনের টিলার তত্ত্বাবধায়ক খায়রুল কবীর নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি প্রথমে নিজেকে মালিক পরিচয় দিলেও ঝুঁকি প্রসঙ্গে আলাপ জুড়তেই জানালেন, তিনি কেয়ারটেকার। প্রায় ১৩ একর জায়গাজুড়ে একটি প্রকল্প আছে। জায়গার দখল টিকিয়ে রাখতেই এভাবে ঘর করে দেওয়া হয়েছে। তবে ঘরগুলোর যত্রতত্র পরিবেশ ও ঝুঁকি এড়ানোর বিষয়ে তাঁর বক্তব্য, ‘ঘরগুলো সুন্দর করে বানালে ভাড়াও বাড়বে। শ্রমিকেরা তো বেশি ভাড়া দিতে পারে না, তাই এভাবেই চলছে।’

জাফলং একটি পর্যটন এলাকা। দর্শনার্থীরা পুরো এলাকা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেও এখানে এসে একধরনের অস্বস্তির মুখে পড়ে। ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন পূর্ব জাফলং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কাদির। তিনি জানান, দুই টিলায় দুই শতাধিক শ্রমিক পরিবারের সহস্রাধিক লোকের বসবাস। চট্টগ্রামের পাহাড়ধসের পর যত্রতত্র আবাসনের এমন বসবাস জাফলংয়ের জন্য বড় রকমের ঝুঁকির। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট দপ্তর জানায়, চট্টগ্রামে পাহাড়ধসে হতাহতের পর টিলা এলাকা পরিদর্শন করে দুই শতাধিক ঘরের মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ ঘর চিহ্নিত করে দেওয়া হয়েছে। এগুলো অপসারণ করার নির্দেশনা দিয়ে টিলাধস মোকাবিলায় প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক সভাও করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে জানান, এখানকার সব কটি ঘরই ঝুঁকির। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ আটটি ঘর চিহ্নিত করে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। পাথর ভাঙার কলগুলোও উচ্ছেদ করা হবে। বাকি ঘরগুলোর ব্যাপারে জায়গার মালিককে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউএনও বলেন, ‘জায়গার দখল রাখতেই হোক আর ঘরভাড়া পেতেই হোক, কোনো অঘটন ঘটলে কিন্তু দায় মালিকের ওপর বর্তাবে। তাই আমরা মালিকদের বলব যত্রতত্র বসবাসে শৃঙ্খলা ফেরাতে।’