টিলার মাটি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে পরিবেশ আইন লঙ্ঘন করে সম্প্রতি শাহ আলম নামের এক ব্যক্তি টিলার মাটি কেটেছেন। এই মাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তার সামনে এ কাজ চললেও তিনি কোনো বাধা দেননি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোকামটিলা গ্রামে সাড়ে ৫ শতাংশের একটি টিলাভূমির মালিকানা নিয়ে স্থানীয় শাহ আলম ও অলিল মিয়ার লোকজনের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। জায়গাটি শাহ আলমের দখলে। ১৯ অক্টোবর সকালের দিকে ওই টিলা থেকে মাটি কাটানোর কাজ শুরু করেন তিনি। অথচ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা-৬-এর খ উপধারায় বলা হয়েছে, পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন অথবা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবেন না।
সরেজমিনে ১৯ অক্টোবর সকাল সাতটার দিকে গিয়ে দেখা যায়, ৮-১০ জন শ্রমিক কোদাল দিয়ে বিরোধপূর্ণ টিলার একাংশের মাটি কাটছেন। শ্রমিকদের কয়েকজন ওই মাটি টুকরিতে ভরে পাশে দাঁড় করিয়ে রাখা দুটি ট্রাকে বোঝাই করছেন। টিলাটি ১০-১২ ফুট উঁচু।
ছবি তোলার সময় শাহ আলম ছুটে এসে নিজেকে জায়গাটির মালিক দাবি করে বলেন, ‘ইচ্ছামতো ছবি তুলেন। প্রশাসন, পুলিশ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। মামলা হইলে হোক।’
শাহ আলম বলেন, ঘর বানাতে পুরো জায়গাটা সমান করতে তিনি টিলার মাটি কাটাচ্ছেন। পাশের বাছিরপুর এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকাজে এসব মাটি ব্যবহার করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি বলেন, টিলা কাটার কাজ চলাকালে জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে কিছু সময় দাঁড়িয়ে শাহ আলমের সঙ্গে কথা বলে চলে যান। টিলার প্রায় আড়াই শতাংশ জায়গা কাটা হয়ে গেছে। এ বিষয়ে শামসুল আলম বলেন, টিলা কাটার কাজ তিনি দেখেছেন। জায়গাটি ব্যক্তিমালিকানাধীন থাকায় কিছু বলেননি। টিলা কাটা বেআইনি জানা সত্ত্বেও বাধা না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে মাটি কাটার কাজে ব্যস্ত শ্রমিকেরা টের পেয়ে আগেই কোদাল-টুকরি ফেলে রেখে পালিয়ে গেছেন। টিলা কাটার কাজে জড়িত শাহ আলম নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি (শাহ আলম) আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক বদরুল হোসেনের বাসায় একসময় কাজ করতেন বলে তাঁরা জেনেছেন। ওসি আরও বলেন, তবে এ ক্ষেত্রে পুলিশের মামলা করার সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তর অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
মুঠোফোনে যোগাযোগের করা হলে বদরুল হোসেন বলেন, ব্যক্তি যে-ই হোক টিলা কাটা বেআইনি।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, টিলা কাটার ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কাজে টিলার মাটি ব্যবহারের বিষয়টিও তিনি খোঁজ নিয়ে দেখবেন।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আইন অনুযায়ী টিলা কাটার ব্যাপারে পুলিশ মামলা করতে পারে। তবে পরিবেশ অধিদপ্তর বিষয়টি তদন্ত করবে।